বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে প্রশাসনিক কাজ কর্ম নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে। অভিযোগ উঠেছে, একাধিক জেলায় SDO অফিসে এমন কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে, যাদের শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে। এই পরিস্থিতিতে ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আর সেই কারণেই নির্বাচন কমিশনের কাছে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan)।
আসন্ন নির্বাচনে প্রভাবের আশঙ্কায় কমিশনের দ্বারস্থ সৌমিত্র খাঁ (Soumitra Khan)
ভোটের আগে প্রশাসনিক স্তরে এই নিয়োগ ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। বিজেপি নেতা সৌমিত্র খাঁ অভিযোগ করেছেন, বিভিন্ন জেলার SDO অফিসে I-PAC এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চুক্তিভিত্তিক কেরানি বা টাইপিস্ট হিসেবে বসানো হয়েছে। তাঁর দাবি, এই ধরনের নিয়োগ সরাসরি প্রশাসনিক ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা।
সৌমিত্র খাঁ (Soumitra Khan) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে (X) @ECISVEEP-কে ট্যাগ করে বিষয়টি তুলে ধরেছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। সৌমিত্র খাঁর বক্তব্য, যে জায়গায় নিরপেক্ষ প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের থাকার কথা, সেই জায়গায় রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তিদের বসানো হলে ভোটের স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়তে পারে।

আরও পড়ুনঃ শেষ মুহূর্তে কড়া নির্দেশিকা! কমিশনের কোন কথায় চাপে রাজ্য পুলিশ?
এই পরিস্থিতিকে তিনি ‘প্রশাসনের দখল নেওয়ার চেষ্টা’ বলেও উল্লেখ করেছেন। তাঁর আশঙ্কা, এই ধরনের নিয়োগের মাধ্যমে ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষ। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন বলেই দাবি তাঁর (Soumitra Khan)।












