বাংলাহান্ট ডেস্ক: দু’দিন পর ষষ্ঠী। পুজোর আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। আর তার আগেই সরকারি কর্মীদের (Government Employees) উপহার দিচ্ছে রাজ্য। পুজোর মাসের অগ্রিম বেতনের সঙ্গে বর্ধিতহারে ২০ শতাংশ ডিএ (Dearness Allowance) মিলবে সরকারি কর্মীদের। তবে কবে মিলবে সেই নিয়ে বিভ্রান্তি রয়েছে। পঞ্চমী না ষষ্ঠী, কবে ক্রেডিট হবে সরকারি কর্মীদের অ্যাকাউন্ট?
ডিএ ও বেতন ঢোকার দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী (Dearness Allowance)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন যে কত তারিখে এই অক্টোবর মাসের অগ্রিম বেতন, ডিএ সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের জানিয়ে রাখি, সরকার পরিবর্তন না হলে, এই নিয়োগ সম্ভব হত না। পুলিশের এরিয়ার, ডিএ নিয়ে জট ছিল। সেটা আমরা মিটিয়েছি।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘২০ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-এর তফাৎ অনেকটাই ছিল। সেটা আমরাই কমানোর চেষ্টা করছি। আগের ১৮ শতাংশ ও এখন ২০ শতাংশ মিলে অক্টোবরে ৩৮ শতাংশ ডিএ পাবেন সকলে।’ একইসাথে মুখ্যমন্ত্রী আরও জানান, ‘অক্টোবর মাসের অগ্রিম বেতন ও ৩৮ শতাংশ ডিএ ১৫ অক্টোবরের মধ্যেই ঢুকবে সকলের অ্যাকাউন্টে।’
উল্লেখ্য, রাজ্য সরকারের পুজোর ছুটি পড়ছে ১৫ অক্টোবর থেকে। আর ওইদিন, অর্থাৎ পঞ্চমীতেই পুজোর মাসের অগ্রিম বেতনের সঙ্গে বর্ধিতহারে ২০ শতাংশ ডিএ দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। সরকারি কর্মচারীদের পুজো শুরুর আগেই মাসের বেতন-পেনশন ও বর্ধিত ডিএ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: একসঙ্গে ১৯ জেলায় নতুন চেয়ারম্যান! প্রাথমিক শিক্ষা সংসদ নিয়ে বড় সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের
এর আগেও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন এবার মোট ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা ও অগ্রিম বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ১৬ অক্টোবর পড়েছে ষষ্ঠী। তার আগের দিন অর্থাৎ ১৫ অক্টোবর পঞ্চমীর দিনই বর্ধিত ডিএ ও বেতন পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।














