‘গরু পাচারের দস্যিরানী মমতা’, তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে পুরনো চিঠি দেখিয়ে বিস্ফোরক আখরুজ্জামান

Published on:

Published on:

Akhruzzaman makes explosive remarks against Mamata Banerjee

বাংলা হান্ট ডেস্ক : গরু পাচার নিয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের জবাব দিতে গিয়ে এবার ২০১৫ সালের একটি নথি সামনে আনলেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। তাঁর দাবি, রাজ্যে গরু পাচারের রমরমা নিয়ে বহু আগেই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সতর্ক করেছিলেন তিনি। এই প্রসঙ্গেই মমতাকে ‘গোরুপাচারের দস্যুরানি’ বলে আক্রমণ করেছেন বিধায়ক।এক দশকেরও বেশি পুরনো একটি চিঠিকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাংলায়।

গরু পাচারের সঙ্গে যুক্ত মমতাও (Mamata Banerjee) ?

আখরুজ্জামান জানিয়েছেন, ২০১৫ সালের ১২ জুন মুখ্যমন্ত্রীর উদ্দেশে চিঠিটি লেখা হয়েছিল। সেই সময় তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন। তাঁর বক্তব্য, রাজ্য পুলিশের তৎকালীন ডিজির কাছেও একই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু এত কিছু করার পরেও পাচার বন্ধ হয়নি বলে তাঁর দাবি।বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে আখরুজ্জামান বলেন, ‘তত্‍কালীন ডিজিকেও চিঠি দিয়েছিলাম। তারপরেও বিধানসভায় আমি শশরীরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। তত্‍কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের আমি বসেছিলাম এই ঘটনা জানিয়ে বলেছিলাম। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যখন কোনও পদক্ষেপ হল না, গোরু পাচার বেড়ে গেল, আমি বলেছিলাম, যে পরিমাণ গোরু পাচার হচ্ছে, তাতে আপনারা দামাল ভাইয়েরা, ঘাট থেকে কালীঘাট, কালীঘাট থেকে নবান্ন, টাকা পৌঁছে যায়, আপনার ওখানে হোমগার্ড থেকে ডিজিপি পর্যন্ত টাকার ভাগ যায়। যেকারণে আপনাকে চিঠি দিয়েও, দেখা করার পরেও আপনি গোরু পাচার বন্ধ করতে পারেননি। আপনার স্বার্থ রয়েছে, দলের স্বার্থ রয়েছে। পরিবারের স্বার্থ রয়েছে’।

Akhruzzaman makes explosive remarks against Mamata Banerjee

শুধু মুখ্যমন্ত্রী নন, তাঁর পরিবারের সদস্যদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন বিধায়ক। আখরুজ্জামানের দাবি, ‘ভাইপো আছে, যুবরাজ, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানিকভাবে গোরু পাচার হয়েছে। গোরু পাচারের দস্যিরানি হয়ে থাকে, তত্‍কালীন মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপোর নেতৃত্বে গোরু পাচার হয়েছে’।

আরও পড়ুন : রাজ্যে আসছে ৪৩৫টি নতুন সরকারি বাস, তার আগে রুট সার্ভে

তবে এই বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের প্রশ্ন, ২০১৫ সালের চিঠি এতদিন পর প্রকাশ্যে আনার কারণ কী? তাঁর কটাক্ষ, ‘ছাব্বিশ পর্যন্ত তো জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়ে ছবি দেখিয়ে। আজকে একথা বলছেন! ২০১৫-র চিঠি ২০২৬-এ দেখাচ্ছেন’! আখরুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে বৈশ্বানরের দাবি, নিজের বিরুদ্ধে প্রশ্ন উঠতেই তিনি অন্যের দিকে অভিযোগ ঠেলে দিতে চাইছেন। বিজেপির কাছ থেকে রাজনৈতিক সুবিধা পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

এই বিতর্কে বিজেপির অবস্থান ব্যাখ্যা করেছেন দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি বলেন, ‘১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের জনতা একটা স্লোগান দিত, সব চোরেদের পাঠশালা কালীঘাটে টালির তালা, এই তৃণমূল আর না। তো সব চোরেদের পাঠশালা কোথায় সবাই জানে, মানুষ জানে। আখরুজ্জামানবাবু কী বললে, বৈশ্বানরবাবু কী উত্তর দিলেন, কল্যাণবাবু কী টিপ্পনি কাটলেন, তাতে কিছু এসে যায় না। আমরা চাই দোষীদের বিচার হোক’।

প্রসঙ্গত, আখরুজ্জামানকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর। তৃণমূল সাংসদের অভিযোগ ছিল, কংগ্রেসের বিধায়ক থাকাকালীন রঘুনাথগঞ্জ এলাকায় আখরুজ্জামানের সহযোগিতায় গরুর ব্যবসার আড়ালে বাংলাদেশে পাচার চলত। এই কারবার থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে বলে দাবি করেছিলেন তিনি।