বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা! রাজ্যে পালাবদলের পর থেকে নিজেদের দাবি-দাওয়া নিয়ে সরব হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা (Government Employees)। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হওয়া বৈঠকে রাজ্য কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধির স্থায়ী নির্দেশনামা জারির দাবি তোলা হয় সরকারি কর্মচারী সংগঠনগুলির তরফে। এর আগে পূর্ববর্তী বামফ্রন্ট সরকার ও তৃণমূল সরকারের কাছে এই দাবি রাখা হলেও সরকার তা রাখেনি।
ডিএ বৃদ্ধি নিয়ে স্থায়ী নির্দেশনামা জারির দাবি | Dearness Allowance
সোমবার রাজ্যের নব নির্বাচন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ডিএ বৃদ্ধির স্থায়ী নির্দেশনামা জারির দাবি তোলা হলেও সরকারি তরফে এই ব্যাপারে কোনো নির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়নি বলেই সূত্রের খবর। বৈঠকে সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রীর আশ্বাস, ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা বকেয়া ডিএর নিয়ে ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে সুখবর আসবে।
উল্লেখ্য, বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। আর রাজ্যের সরকারি কর্মীরা পাচ্ছেন ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে। ৪২% ডিএ বকেয়া আছে। ডিএ, পে কমিশন সংক্রান্ত জট খুলতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হওয়া বৈঠকে উপস্থিত ছিল সংগ্রামী যৌথ মঞ্চ, দ্য কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ (INTUC), ইউনিটি ফোরাম (অরাজনৈতিক), সরকারি কর্মচারী পরিষদ।
বৈঠকের পর কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা আশা রাখছেন যে প্রথম দফায় বকেয়া ডিএর অন্তত হাফ অংশটা মিটিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা হয়েছে। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সপ্তম বেতন কমিশন গঠন করে তার সুপারিশ আগামী বছরের জানুয়ারি থেকে দেওয়া হবে।

আরও পড়ুন: বাংলায় তৈরি হচ্ছে ১০২টি অমৃত ভারত স্টেশন, রেলমন্ত্রীর পাশে বসেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মলয় মুখোপাধ্যায়ের কথায়, “সেক্ষেত্রে পুরো বকেয়া ডিএ আগামী ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।” উল্লেখ্য, বছরের পর বছর ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। এই বিষয়কে সামনে রেখে মলয়বাবু জানান, বৈঠকে উপস্থিত এক পদস্থ সরকারি কর্তাকে তিনি ‘ইনফরমালি’ বলে এসেছেন সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএর দাবি থেকে তাঁরা একচুলও নড়বেন না। তা না মিললে আগামী দিনে ফের আইনি লড়াইয়ের পথে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।













