বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন রেল প্রকল্পের দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার (State Government)। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে এবং প্রকল্প সংক্রান্ত জটিলতা দ্রুত মেটাতে বিশেষ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল প্রকল্প নিয়ে সিদ্ধান্ত রাজ্য সরকারের (State Government)
সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০ সদস্যের এই উচ্চপর্যায়ের কমিটির চেয়ারম্যান করা হয়েছে মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে। স্বরাষ্ট্র, পরিবহণ, ভূমি ও ভূমি সংস্কার, পূর্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ আধিকারিকরা এর সদস্য থাকছেন। পাশাপাশি পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, মেট্রো রেল, রেল বোর্ড এবং আরভিএনএল-এর প্রতিনিধিদেরও এই টাস্ক ফোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রাজ্য সফরে এসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রশাসনের শীর্ষস্তরের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গে আগামী দিনে প্রায় এক লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনার কথা জানানো হয়। একইসঙ্গে রেল সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত শেষ করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, জমি অধিগ্রহণের সমস্যা, প্রয়োজনীয় অনুমোদন পেতে দেরি এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে একাধিক প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। নবগঠিত কমিটির অন্যতম দায়িত্ব হবে এই বাধাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ তৈরি করা। বৈঠকের পর মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, প্রায় ৭০টি প্রকল্প শুধুমাত্র প্রয়োজনীয় অনুমোদনের অভাবে এগোতে পারছিল না।

আরও পড়ুন : দুর্নীতি রুখতে কড়াকড়ি, জব কার্ডের তথ্য খতিয়ে দেখতে মাঠে নামছে প্রশাসন
এই পরিস্থিতির জন্য পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দায়ী করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকারের সঙ্গে রেলের যুদ্ধ-যুদ্ধ ভাব ছিল। কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল, এর ফলে সাধারণ বঞ্চিত হয়েছে।” মুখ্যমন্ত্রীর বক্তব্য, বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাওয়ায় রেল প্রকল্পগুলির কাজ আর দীর্ঘদিন আটকে থাকবে না।














