প্রেগনেন্সি চলাকালীন নেন UPSC-র প্রস্তুতি! প্রথমবারেই মেলে সফলতা, IPS হয়ে স্বপ্নপূরণ শাহনাজের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: সাফল্যের (Success Story) পথে বাধা যতই আসুক, লক্ষ্য স্থির থাকলে তা পেরিয়ে যাওয়া সম্ভব, শাহনাজ ইলিয়াসের (Shahnaz Illyas) গল্প যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দেয়। ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতির সময়ই অন্তঃসত্ত্বা হয়েছিলেন তিনি। একদিকে ছিল শারীরিক পরিবর্তন ও মাতৃত্বের দায়িত্ব, অন্যদিকে দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি। পরে পরীক্ষার ধাপগুলির মাঝেই কন্যাসন্তানের মা হন শাহনাজ। সদ্যোজাত শিশুকে সামলানোর পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়ে শেষ পর্যন্ত প্রথম চেষ্টাতেই ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় সর্বভারতীয় ২১৭তম স্থান অর্জন করেন তিনি। তাঁর এই ফলের ভিত্তিতেই ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস ক্যাডার পান শাহনাজ।

শাহনাজ ইলিয়াসের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)

পড়াশোনার প্রতি আগ্রহ শাহনাজের ছোটবেলা থেকেই ছিল। স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করার পর তিনি একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি শুরু করেন। প্রায় পাঁচ বছর ধরে ভালো বেতন এবং স্থায়ী কেরিয়ার থাকা সত্ত্বেও তাঁর মনে দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছা আরও জোরালো হতে থাকে। শেষ পর্যন্ত কর্পোরেট জীবনের নিরাপদ পথ ছেড়ে সিভিল সার্ভিসে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ইউপিএসসির প্রস্তুতিতে পুরোপুরি মন দেওয়ার জন্য চাকরি ছেড়ে শুরু হয় নতুন লড়াই। সেই সিদ্ধান্ত যে কতটা কঠিন ছিল, তা পরবর্তী সময়ে তাঁর প্রস্তুতির অভিজ্ঞতাই বুঝিয়ে দেয়।

আরও পড়ুন: বিজ্ঞাপনে বড়সড় বদল! বলা যাবে না ‘১০০ শতাংশ খাঁটি’, FSSAI-র চাপে নতি স্বীকার Emami সহ ৫ সংস্থার

ইউপিএসসির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে নিজের সামর্থ্য যাচাই করতেও পিছপা হননি শাহনাজ। প্রস্তুতির শুরুর দিকে তিনি তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দেন। মাত্র দু’মাসের মতো প্রস্তুতিতে TNPSC-র প্রিলিমিনারি পরীক্ষায় সফল হন তিনি। এই সাফল্য তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেয়। একই সঙ্গে আরও বড় পরীক্ষায় লড়াই করার মানসিক প্রস্তুতিও তৈরি হয়। এরপর ইউপিএসসির প্রস্তুতিতে আরও বেশি মনোযোগ দেন শাহনাজ। তবে সেই সময়েই তাঁর জীবনে আসে নতুন অধ্যায়—তিনি জানতে পারেন, মা হতে চলেছেন।

গর্ভাবস্থার সময়ও পড়াশোনার রুটিনে বড়সড় ছেদ পড়তে দেননি শাহনাজ। শারীরিক ক্লান্তি এবং নানা ধরনের অসুবিধার মধ্যেও প্রতিদিন প্রায় আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করতেন। সেই প্রস্তুতির মধ্যেই ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় বসেন তিনি। পরীক্ষার পরবর্তী ধাপগুলির প্রস্তুতি চলাকালীনই জন্ম নেয় তাঁর কন্যাসন্তান। একদিকে সদ্যোজাত শিশুর যত্ন, অন্যদিকে মেইনস ও ইন্টারভিউয়ের মতো গুরুত্বপূর্ণ ধাপের প্রস্তুতি—দুটিকে একসঙ্গে সামলানো তাঁর কাছে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু কঠিন সময়ে পরিবার তাঁর পাশে দাঁড়ায়।

Success Story of Shahnaz Illyas will amaze you.

আরও পড়ুন: ইথানল উৎপাদনের জেরে চিনির দামে আগুন! ১০ বছর পর আমদানির ভাবনা কেন্দ্রের

শাহনাজের বাবা-মা নাতনির দেখভালের দায়িত্ব অনেকটাই নিজেদের কাঁধে তুলে নেন। ফলে মেয়েকে নিয়ে অতিরিক্ত চিন্তা না করে পড়াশোনায় মন দেওয়ার সুযোগ পান শাহনাজ। সময়ের অভাব, মাতৃত্বের দায়িত্ব এবং পরীক্ষার চাপ সবকিছুর মধ্যেও তিনি নিজের লক্ষ্যে স্থির ছিলেন। শেষ পর্যন্ত সেই অধ্যবসায়ের ফলও আসে হাতেনাতে। প্রথমবার ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় বসেই ২১৭তম অল ইন্ডিয়া র‍্যাঙ্ক অর্জন করেন শাহনাজ ইলিয়াস। তাঁর এই সাফল্য (Success Story) শুধু একটি চাকরি পাওয়ার গল্প নয়; বরং ব্যক্তিগত দায়িত্ব, মাতৃত্ব এবং কঠিন প্রতিযোগিতার মধ্যেও নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।