বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে রাজ্যে। এদিনও সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। কোথাও আবার রোদ ঝলমল করছে। যদিও ভ্যাপসা গরম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর বলছে, আজও বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলা ভিজতে পারে বিকেলের পর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বেলা গড়ালে ফের আকাশের পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে। শুক্রেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। আপাতত ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার অবধি ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, এদিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের কিছু অংশে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রপাতের আশঙ্কাও।
বজ্রবিদ্যুৎ-সহ অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। শহর কলকাতাতেও এ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না।

আরও পড়ুন: নক আউটে ব্রাজিল বনাম জাপান! নেইমার কি পুরো ম্যাচ খেলবেন? কার দিকে তাকিয়ে সাম্বা ব্রিগেড?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ফের জারি কমলা সতর্কতা। উত্তরের উপরের দিকের পাঁচ জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহন্তে আরও বাড়বে দুর্যোগ।













