বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকে মেঘলা আকাশ। টুপটাপ বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিকেলের পর বৃষ্টি বাড়ার পূর্বাভাস। শহর কলকাতায় এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত টানা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। তবে তাপমাত্রা মোটের উপর ঠিক থাকলেও ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকবে সর্বত্র। বৃষ্টি না হলে তা আরও বাড়বে।

আরও পড়ুন: DA নিয়ে চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের বড় ‘উপহার’ দিল নবান্ন, চালু হচ্ছে নয়া অ্যাপ
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে বৃষ্টি ফের বাড়বে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির জন্য সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার থেকে ফের টানা বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।













