বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্যজুড়ে যে অশান্তি ও বিতর্ক তৈরি হয়েছে, তা এবার পৌঁছল দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে (Supreme Court)। আদালতে হলফনামা জমা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলেছে ইলেকশন কমিশন। কমিশনের দাবি, ভোটার তালিকা সংশোধনের কাজে সহযোগিতা করার বদলে মুখ্যমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য রাখছেন, যার জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় ভয় ও অশান্তির পরিবেশ তৈরি হয়েছে।
আদালতে (Supreme Court) কী অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন?
সুপ্রিম কোর্টে (Supreme Court) জমা দেওয়া হলফনামায় নির্বাচন কমিশন জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভা ও বক্তব্যে নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষা ব্যবহার করেছেন। কমিশনের মতে, এসব বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে কার্যত “আইন নিজের হাতে তুলে নিতে” প্ররোচনা দেওয়া হয়েছে। কিছুটা কমিশন আরো যে যে অভিযোগগুলি করেছে সেগুলি হল –
ভোটার তালিকা সংশোধনে ভয়ের পরিবেশ : হলফনামায় উল্লেখ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের ফলে রাজ্যে এমন এক পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ব্লক লেভেল অফিসার (BLO) এবং ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন : অফিসাররা (ERO) তাঁদের দায়িত্ব পালন করতে গিয়ে বাধার মুখে পড়ছেন। অনেক জায়গায় কাজ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে দাবি কমিশনের।
নির্দিষ্ট আধিকারিককে চিহ্নিত করার অভিযোগ : নির্বাচন কমিশনের অভিযোগ, গত ১৪ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে একজন ‘মাইক্রো অবজার্ভার’-কে নির্দিষ্ট করে চিহ্নিত করেন। এতে সংশ্লিষ্ট আধিকারিকের মধ্যে ভয় তৈরি হয় এবং প্রশাসনিক কাজ ব্যাহত হয় বলে দাবি।
চাকুলিয়ায় ৭০০ জনের তাণ্ডব : হলফনামায় উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ঘটনার বিস্তারিত উল্লেখ করেছে কমিশন। অভিযোগ অনুযায়ী, প্রায় ৭০০ জনের একটি উন্মত্ত জনতা সেখানে বিডিও অফিসে হামলা চালায়। ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যবহৃত কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়।
মাইক্রো অবজার্ভারদের গণ-ইস্তফা : নিরাপত্তাহীনতা ও হিংসার আশঙ্কার কথা জানিয়ে গত ১৪ জানুয়ারি ৯ জন মাইক্রো অবজার্ভার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। কমিশনের দাবি, এই পরিস্থিতি নজিরবিহীন।
রাজনৈতিক বাধার অভিযোগ : নির্বাচন কমিশনের আরও অভিযোগ, রাজনৈতিক কর্মীদের প্ররোচনায় একদল মহিলা ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত আধিকারিকদের ঘেরাও করছেন। তাঁদের উদ্দেশে স্লোগান দেওয়া হচ্ছে এবং কাজ করতে বাধা সৃষ্টি করা হচ্ছে।

আরও পড়ুনঃ চিরঞ্জিতকে নিয়ে বড় জল্পনা! বারাসাতে কি এবার কাকলির ছেলে প্রার্থী? তুঙ্গে জল্পনা
পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ : হলফনামায় কমিশন জানিয়েছে, BLO-দের একাধিক অভিযোগ সত্ত্বেও অনেক ক্ষেত্রে স্থানীয় পুলিশ FIR দায়ের করতে অনীহা প্রকাশ করছে। অন্য রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলেও আদালতে (Supreme Court) জানানো হয়েছে।












