বাংলা হান্ট ডেস্কঃ আইপ্যাক কাণ্ডে ইডি-র দায়ের করা মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে (Supreme Court)। গত কয়েকদিনে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট আধিকারিকরা সর্বোচ্চ আদালতে নিজেদের হলফনামা জমা দিয়েছেন। মঙ্গলবার সেই মামলার শুনানির সময় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে রাজ্যের জমা দেওয়া হলফনামার জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময় চান। তাঁর এই আবেদনের পরেই শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত।
৩৪ পাতার একটি বিস্তারিত হলফনামা আদালতে (Supreme Court) জমা দিয়েছে রাজ্য
প্রসঙ্গত, ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির সময় বাধাদানের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিল ইডি। এই মামলায় গত ১৫ জানুয়ারি শেষ শুনানি হয়েছিল। সেদিন সুপ্রিম কোর্ট রাজ্য সরকার-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস দিয়ে জবাব তলব করে। সেই নির্দেশ মেনেই রাজ্য সরকারের তরফে সম্প্রতি ৩৪ পাতার একটি বিস্তারিত হলফনামা আদালতে জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি এভি আঞ্জারিয়ার বেঞ্চে মামলাটি ওঠে। সেখানে রাজ্যের আইনজীবী স্পষ্টভাবে দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি-র কোনও নথি ছিনতাই করেননি। বরং ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই কিছু স্পর্শকাতর নথি তিনি নিয়ে এসেছিলেন বলে আদালতে (Supreme Court) জানানো হয়েছে। রাজ্যের হলফনামায় আরও বলা হয়েছে, ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী কোনও ধরনের বাধা সৃষ্টি করেননি। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ ১০ নম্বরের ‘গ্রেস মার্কস’ কি বাতিল হবে? SLST নিয়ে আজ হাই কোর্টে বড় শুনানি
এখন কেন্দ্রের পক্ষ থেকে এই হলফনামার জবাব জমা দেওয়ার পরই মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আইনি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার।












