বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদল হয়েছে প্রায় পাঁচ মাস হতে চলল। এর মধ্যেই ডাবল ইঞ্জিন সরকারের সুফল বুঝতে পারছে রাজ্যবাসী। ইতিমধ্যেই বাংলায় একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু হয়েছে। সম্প্রতি বীরভূমে দু’টি জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য প্রায় ৮০৯ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার রাজ্যের বিমান পরিকাঠামোর উন্নয়নে যৌথ উদ্যোগ নিল কেন্দ্র ও রাজ্য সরকার (Government of West Bengal)। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যে ৮টি নতুন বিমানবন্দর ও বেহালা ফ্লাইং ক্লাবে পাইলট ট্রেনিং হাব তৈরির ঘোষণা করেন।
রাজ্যের বিমান পরিষেবা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নায়ডুর উপস্থিতিতে চারটি গুরুত্বপূর্ণ মউ স্বাক্ষরিত হয়। সেখানে মুখ্যমন্ত্রী ও রাজ্যের উন্নয়ন ভাবনার ব্যাপক প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, আজই বেহালা ফ্লাইং ক্লাব পরিদর্শন করছেন তিনি। সেখানে পাইলট ট্রেনিং প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা আছে।
আরও পড়ুনঃ আবেদন করেও মিলছে না অন্নপূর্ণা যোজনা! স্ট্যাটাস চেক করতেই সামনে এল বিরাট দুর্নীতি
অন্যদিকে শুভেন্দু জানান, কলকাতা থেকে ইউকে তথা ইউরোপ অবধি বিমান পরিষেবা চালুর জন্য আগেই তিনি কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন। পাশাপাশি রাজ্যের যুব সম্প্রদায়কে পাইলট হওয়ার সুযোগ করে দিতে বেহালা ফ্লাইং ক্লাবে উন্নত মানের পাইলট প্রশিক্ষণ পরিকাঠামো অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানান তিনি।
মুখ্যমন্ত্রীর আশা, এই চুক্তি ও বিমান পরিকাঠামো উন্নতির কারণে একদিকে যেমন যাত্রী চলাচলে সুবিধা হবে। তেমনই বাংলায় বিপুল কর্মসংস্থান তৈরি হবে ও কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতের বাণিজ্যেও উন্নতি হবে।

এছাড়া এদিনের অনুষ্ঠান থেকে জানানো হয়, পূর্ববর্তী সরকারগুলির সময় জমি জটিলতার জেরে কলাইকুন্ডা ও হাসিমারা বিমানবন্দরের কাজ আটকে থাকলেও বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নে গতি আনছে। পাশাপাশি রাজ্যের বিমান পরিকাঠামো আরও শক্তিশালী করতে ভবিষ্যতে রাজ্য জুড়ে আটটি বিমানবন্দর বা এয়ারস্ট্রিপ চালুর পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গেই কলকাতার বাড়তে থাকা বিমান যাত্রীদের দিকে নজর রেখে ও আন্তর্জাতিক সংযোগ দ্রুত বাড়াতে আরও একটি বিমানবন্দর নির্মাণের কথা ভাবনাচিন্তা করছে মোদী সরকার।
রাজ্যে পালাবদলের পরেই পরিবহণ, শিক্ষা, স্বাস্থ্য সহ একাধিক খাতে বিশেষ গুরুত্ব দিয়েছে মোদী সরকার। এবার বিমান পরিষেবায় নয়া দিশা দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।













