বাংলা হান্ট ডেস্ক : কলকাতায় শুরু হয়ে গেল ফুটবল উন্মাদনার কাউন্টডাউন। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শহরে এসে পৌঁছেছে ব্রাজিলের জাতীয় ফুটবল দল (Brazil Team)। ভিনিসিয়াস জুনিয়রদের এক ঝলক দেখতে বিমানবন্দর থেকে হোটেল—সর্বত্রই ছিল সমর্থকদের উৎসাহ। শনিবার যুবভারতীতে ভারত-ব্রাজিলের ঐতিহাসিক ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতিতে প্রশাসন।
হলুদ-সবুজ বাসে এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে ব্রাজিল দল (Brazil Team)
বৃহস্পতিবার সন্ধ্যায় ৮টা ৩৮ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ব্রাজিল দলের চার্টার্ড বিমান। বিমানবন্দরে নামার পর যাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়, সেই কারণে ইমিগ্রেশনের প্রয়োজনীয় প্রক্রিয়া আগেই বিমানের ভিতরে সম্পন্ন করা হয়েছিল। এরপর নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দ্রুত বিমানবন্দর ছাড়ে দল। বিমানবন্দরের ভিতরেই ফুটবলারদের জন্য প্রস্তুত রাখা হয়েছিল বিশেষ টিম বাস। ভিআইপি গেট ব্যবহার করে বিমানবন্দর থেকে বেরিয়ে বাইপাসের পাশের হোটেলের দিকে রওনা দেয় ব্রাজিল দল। দলের আগমনকে আরও বিশেষ করে তুলতে হলুদ-সবুজের থিমে সাজানো হয়েছিল বাসটি।
কলকাতায় পৌঁছনোর পর ব্রাজিল ফুটবলারদের দেখার জন্য হোটেলের সামনে জমায়েত করেন বহু অনুরাগী। সমর্থকদের উচ্ছ্বাসের জবাবও দেন ফুটবলাররা। হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান ডন কার্লো এবং দলের সদস্যরা। কয়েকজন সমর্থকের জার্সিতে সই করেন ভিনিসিয়াসও। ভারতের মাটিতে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে ব্রাজিলের জাতীয় দল।
শুক্রবার থেকেই ম্যাচের প্রস্তুতিতে আরও গতি আসবে। সকালে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল কোচ ডন কার্লোর। এরপর বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করবে ব্রাজিল দল। ম্যাচের আগে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের আধিকারিকদের একটি দলও কলকাতায় উপস্থিত রয়েছে। শনিবার খালিদ জামিলের ভারতের বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটির গুরুত্ব এবং দুই দলের জনপ্রিয়তার কথা মাথায় রেখে নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই একাধিকবার যুবভারতী পরিদর্শন করেছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা।
ম্যাচের দিন দর্শকদের প্রবেশ নিয়েও বেশ কিছু নিয়ম জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে দর্শকদের নির্ধারিত সময়ের মধ্যে মাঠে ঢুকে পড়ার আবেদন জানানো হয়েছে। ভিড় এড়াতে বিকেল ৫টার মধ্যেই স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে আতশবাজি, স্মোক ক্যান্ডেল, লাইটার কিংবা সিগারেটের মতো দাহ্য বস্তু নিয়ে গ্যালারিতে প্রবেশ করা যাবে না। লেজার লাইটের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। শুধু তাই নয়, বাইরে থেকে জল বা খাবার নিয়ে মাঠে ঢোকার অনুমতিও থাকছে না। ব্যানার এবং পোস্টারও সঙ্গে নেওয়া যাবে না। তবে দর্শকদের প্রয়োজনের কথা মাথায় রেখে প্রতিটি গ্যালারিতে জল ও খাবারের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
স্টেডিয়ামে গাড়ি নিয়ে আসা দর্শকদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কোনও ধরনের ধারালো অস্ত্র, নিষিদ্ধ সামগ্রী, মাদক বা অ্যালকোহল নিয়েও প্রবেশ করা যাবে না। নিরাপত্তা ব্যবস্থা মসৃণ রাখতে দর্শকদের পুলিশ ও স্বেচ্ছাসেবকদের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে।যুবভারতীতে ঢোকার মুখে তিন ধাপে নিরাপত্তা তল্লাশি হবে। একইভাবে দর্শকদের ডিজিটাল টিকিটও একাধিক পর্যায়ে যাচাই করা হবে। এখন অপেক্ষা শনিবারের সেই ঐতিহাসিক সন্ধ্যার, যখন যুবভারতীর সবুজ গালিচায় ভারতীয় দলের সামনে দেখা যাবে ভিনিসিয়াস জুনিয়রদের ব্রাজিলকে।