বাংলা হান্ট ডেস্ক : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সরকারি কর্মীদের (Government Employees) অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতার মধ্যে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিল রাজ্য সরকার(State Goverment)। শুক্রবার আদালতে জানানো হয়েছে, ২১ জুন আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকা কোনও সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক নয়। কেউ অংশগ্রহণ না করলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক বা শাস্তিমূলক কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলেও স্পষ্ট করেছে সরকার।
যোগ দিবসে সরকারি কর্মচারীদের(Government Employees) অংশগ্রহণ নিয়ে জটিলতা
বিষয়টির সূত্রপাত ১৪ জুন জারি হওয়া একটি সরকারি নির্দেশিকা থেকে। ওই সরকারি নির্দেশিকায় রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত কর্মীদের যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। স্থায়ী বা অস্থায়ী কর্মী থেকে শুরু করে চুক্তিভিত্তিক, দৈনিকভিত্তিক এবং আউটসোর্সিং ব্যবস্থার আওতায় থাকা কর্মীদেরও ওই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনিক সংস্থার কর্মীদের অংশগ্রহণের বিষয়টিও উল্লেখ ছিল। এই নির্দেশিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় বামপন্থী প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি।
এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিংহ রাজ্যের কাছে জানতে চান, এ ধরনের নির্দেশ জারির ক্ষেত্রে সরকারের আইনি ক্ষমতা কতটা রয়েছে। সেই প্রশ্নের জবাবে শুক্রবার হলফনামা পেশ করে রাজ্য জানায়, নির্দেশিকাটিতে সরকারি কর্মচারীদের কোনও বাধ্যবাধকতা নেই।
উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল আকর্ষণ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর। তাঁকে কেন্দ্র করে শহরে প্রস্তুতি তুঙ্গে। অনুষ্ঠানস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে রেড রোডকে। প্রশাসনের মতে, বর্ষার সময় বিভিন্ন খোলা মাঠে জল ও কাদা জমার সম্ভাবনা থাকায় এই স্থানকেই সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে রেড রোড এবং সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিকল্প রাস্তা ব্যবহারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

আরও পড়ুন : মিলবে ৩ লক্ষ টাকা অবধি ঋণ! বিশ্বকর্মা যোজনার সুবিধা কারা পাবেন জানুন
২১ জুন অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুকদের সকাল ৬টা ১৫ মিনিটের আগেই নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে। তার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মূল অনুষ্ঠান। হাইকোর্টে রাজ্যের অবস্থান স্পষ্ট হওয়ার পর যোগ দিবসে সরকারি কর্মীদের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্ক অনেকটাই প্রশমিত হয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী, এই কর্মসূচিতে যোগদান সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে।













