সুপ্রিমকোর্টে বাড়ল বিচারপতির সংখ্যা, সোমবার যোগ দিলেন নতুন ৩ বিচারপতি

Published on:

Published on:

Three new judges have joined the Supreme Court
Follow

বাংলা হান্ট ডেস্ক : মামলার চাপ সামলাতে সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারকের সংখ্যা বাড়ানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তাতে এবার আরও এক ধাপ এগোল কেন্দ্র। সোমবার দেশের শীর্ষ আদালতে বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন তিন হাই কোর্টের প্রধান বিচারপতি। তাঁদের নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে কর্মরত বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭। তবে অনুমোদিত মোট পদের তুলনায় এখনও একটি পদ ফাঁকাই রয়েছে।

সুপ্রিম কোর্টে (Supreme Court) যোগ দিলে নতুন ৩ বিচারপতি

নতুন নিয়োগ পাওয়া তিন বিচারপতির মধ্যে রয়েছেন গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতি সুনিতা অগরওয়াল, দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং তেলেঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এদিন সামাজিকমাধ্যমে তাঁদের সুপ্রিম কোর্টে উন্নীত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কলেজিয়াম ওই তিন বিচারপতির নাম শীর্ষ আদালতের জন্য সুপারিশ করেছিল। কলেজিয়ামের প্রস্তাবের পর নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং সোমবার তাঁরা সুপ্রিম কোর্টের বেঞ্চে যোগ দেন।

‘সুপ্রিম কোর্ট সংশোধনী আইন, ২০২৬’-এর আওতায় শীর্ষ আদালতে বিচারপতির সর্বোচ্চ অনুমোদিত সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছে। সংশ্লিষ্ট সংশোধনীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করার পরেই চারটি অতিরিক্ত পদের পথ খুলে যায়। গত মে মাসেই অতিরিক্ত চার বিচারপতি নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতির সবুজসংকেত মিলেছিল। সেই সিদ্ধান্তের পর সোমবার একসঙ্গে তিনজন বিচারপতি সুপ্রিম কোর্টে যোগ দিলেন। এর ফলে ৩৮টি অনুমোদিত পদের মধ্যে ৩৭টি এখন পূর্ণ হয়েছে। অর্থাৎ আরও একজন বিচারপতির জায়গা এখনও খালি রয়েছে।

Three new judges have joined the Supreme Court

আরও পড়ুন :পুজোর ভিড় এড়াতে স্পেশাল ট্রেন, পূর্ব রেলের বড় ঘোষণা, কবে কোন ট্রেন চলবে?

দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা এবং শুনানির চাপ দীর্ঘদিন ধরেই আলোচনায়। সেই পরিস্থিতিতে বিচারকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের ফলে বেঞ্চের কাজের পরিধি কিছুটা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এখন বাকি থাকা একটি পদেও কবে নিয়োগ সম্পন্ন হয়, সেই দিকেই নজর থাকবে আইন মহলের।