বাংলাহান্ট ডেস্ক : দার্জিলিং সফরের অন্যতম আকর্ষণ টয়ট্রেন। পাহাড়ে ঘুরতে গেলে টয়ট্রেনে (Toy Train) চড়া মাস্ট। কিন্তু যে পর্যটকরা এখন দার্জিলিংয়ে গিয়ে টয়ট্রেনে চড়ার প্ল্যান করছেন তাদের জন্য রয়েছে খারাপ খবর। আপাতত বন্ধ থাকছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে টয়ট্রেন পরিষেবা। টানা বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে। ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কাজ যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে ততদিন বন্ধ থাকবে টয়ট্রেন। আরও ১০ দিন অন্তত টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ।
আপাতত বন্ধ থাকছে টয়ট্রেন (Toy Train)
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে খবর, টয়ট্রেনের রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। তবে ধসে ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কারের কাজ এখনও শেষ হয়নি। ওই কাজটা সম্পূর্ণ হওয়ার পরেই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং রুটে আবারও চালু হবে টয়ট্রেন।

কেন বন্ধের সিদ্ধান্ত: জুন মাসের তৃতীয় সপ্তাহে একটানা বৃষ্টিতে মহানদী এলাকায় বড়সড় ধস নামে। তাতে প্রায় ৫ ফুট টয়ট্রেনের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় রেললাইনের পাশের রাস্তাও। তারপরেই বন্ধ করে দেওয়া হয় নিউ জলপাইগুড়ি দার্জিলিং টয়ট্রেন পরিষেবা। জানা যাচ্ছে, রাস্তার সংস্কারের শেষ হতে আরও ১০ দিন অন্তত সময় লাগবে। তারপরেই স্বাভাবিক হবে টয়ট্রেন পরিষেবা।
আরও পড়ুন: রাজ্যের ৫০০ টি থানায় মহিলা হেল্প ডেস্ক-দুর্গা স্কোয়াড, নারী নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ সরকারের
হতাশ পর্যটকদের একাংশ: দীর্ঘদিন টয়ট্রেন (Toy Train) পরিষেবা বন্ধ থাকায় পর্যটকরাও হতাশ। যারা আগে থেকে টিকিট বুক করে রেখেছিলেন তাদের আগাম বুকিংয়ের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, ধসের কারণে একটি গুরুত্বপূর্ণ লুপ বন্ধ হয়ে গিয়েছে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি আর না হয় তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন : ভরা মরশুমেও ইলিশ নেই বাংলাদেশে, ১ কেজি ওজনের মাছের দাম কত জানেন?
বুধবার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, শিলিগুড়ি জংশন থেকে তিনধারিয়া জঙ্গল সাফারি টয়ট্রেনের সময়সূচীতে পরিবর্তন আসছে। নতুন সময়সূচী অনুযায়ী দুপুর ১২ টায় শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে ট্রেন। তিনধারিয়া ঘুরে সন্ধ্যা ৫ টা ৫৫ তে আবার শিলিগুড়ি জংশনে ফিরে আসবে ট্রেন।













