বাংলাহান্ট ডেস্ক : আরও রুট সম্প্রসারণ হল কলকাতা মেট্রোর (Kolkata Metro)। মহালয়ার দিনেই অরেঞ্জ লাইনে এল বড় আপডেট। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারিত মেট্রো রুটে শনিবারই হয়ে গেল ট্রায়াল রান। জানা যাচ্ছে, প্রযুক্তিগত ও পরিচালনাগত সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ ডিসেম্বরের আগেই কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
হয়ে গেল মেট্রোর (Kolkata Metro) ট্রায়াল রান
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশের কাজ শেষ হয়ে গিয়েছে। ট্রায়াল রানের মাধ্যমে মূলত সিগন্যালিং ব্যবস্থা ও আধুনিক কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল প্রযুক্তির কার্যকারিতাই খতিয়ে দেখা হবে। ট্রায়াল রান সফল হলেই রেলওয়ে সেফটি কমিশনার পুরো রুটটি সরেজমিনে পরিদর্শন করবেন। চূড়ান্ত ছাড়পত্র পেলেই যাত্রীদের জন্য বাণিজ্যিক পরিষেবা চালু করে দেওয়া হবে।

কতটা লম্বা হবে রুট: বর্তমানে কবি সুভাষ থেকে নিউ গড়িয়া হয়ে বেলেঘাটা পর্যন্ত প্রায় ৯ কিমি অংশে চলাচল করছে মেট্রো। তবে নতুন অংশ যুক্ত হলে পুরো মেট্রো (Kolkata Metro) রুটটির দৈর্ঘ্য দাঁড়াবে ১৫ কিমির বেশি। চিংড়িঘাটা অংশের আটকে থাকা কাজের দ্রুত সমাধানের পরেই এই অংশে ট্রায়াল রান চালু করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন : নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদার ধরপাকড়, ইলিশ রক্ষায় নৌবাহিনী মোতায়েন বাংলাদেশ সরকারের
কী সুবিধা হবে এতে: অরেঞ্জ লাইনের এই অংশটি সম্পূর্ণ চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতা থেকে সল্টলেকের আইটি হাবে যাতায়াতকারী বহু চাকরিজীবীর সফরের সময় অনেকটাই কমে যাবে। এছাড়াও ইস্টার্ন বাইপাস ও চিংড়িঘাটা মোড়ের যানজট থেকেও মিলবে রেহাই।
আরও পড়ুন : মাছ-মাংস নয়, বাসি পাউরুটি দিয়েই বানান স্বাস্থ্যকর স্ন্যাক্স
অরেঞ্জ লাইনের এই নতুন সম্প্রসারিত অংশে গৌরকিশোর ঘোষ, নলবন ও সেক্টর ফাইভের মতো গুরুত্বপূর্ণ স্টেশন থাকবে বলে জানা গিয়েছে। সব ঠিকঠাক থাকলে বড়দিনের আগেই চালু হয়ে যেতে পারে এই রুট।













