বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক স্কুলে শিক্ষক (Teacher’s Recruitment) নিয়োগের ইন্টারভিউ নিয়ে হঠাৎই বড় সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই একাধিক জেলায় ইন্টারভিউ চলছিল, আবার সামনে ছিল আরও কয়েক দফা। কিন্তু আচমকাই বিজ্ঞপ্তি জারি করে জানানো হল পরবর্তী দফাগুলোর ইন্টারভিউ আপাতত বন্ধ রাখা হচ্ছে। কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় ক্ষোভ বাড়ছে চাকরিপ্রার্থীদের মধ্যে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ (Teacher’s Recruitment) ইন্টারভিউ স্থগিত
বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রঞ্জনকুমার ঝা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, অনিবার্য কারণের জন্য ষষ্ঠ থেকে দশম দফার ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্ট আপাতত স্থগিত রাখা হচ্ছে। নতুন করে কবে ইন্টারভিউ নেওয়া হবে, তা পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে এই স্থগিতের পেছনে নির্দিষ্ট কোনও কারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
যদিও পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্য, নির্বাচন চলাকালীন সময়ে যাতায়াতে সমস্যা হতে পারে এমন অভিযোগ জানিয়ে অনেক চাকরিপ্রার্থী ই-মেল করেছিলেন। সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বাঁকুড়ায় ইন্টারভিউয়ের দিনই ভোটের দিন পড়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠছিল, তাই ইন্টারভিউ স্থগিত করাই যুক্তিযুক্ত মনে হয়েছে (Teacher’s Recruitment)।
অন্যদিকে, ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের একাংশ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, ২০১৭ সালের পর দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পরে ২০২২ সালে টেট পরীক্ষা নেওয়া হলেও এখনও নিয়োগ (Teacher’s Recruitment) সম্পূর্ণ হয়নি। তার মধ্যে আবার ইন্টারভিউ স্থগিত হওয়ায় অনিশ্চয়তা আরও বেড়েছে। তাঁদের প্রশ্ন, নির্বাচন এখনও কিছুটা সময় বাকি থাকতেই কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিও তুলেছেন তাঁরা।
চাকরিপ্রার্থী বিদেশ গাজি জানান, ৬ এপ্রিল থেকে ৫ জুন পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান ও বীরভূম, এই জেলাগুলিতে ইন্টারভিউ হওয়ার কথা ছিল। হঠাৎ তা স্থগিত হওয়ায় প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন এবং দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি জানাচ্ছেন।
পর্ষদ সূত্রে জানা গেছে, প্রাথমিক স্তরে মোট ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগের জন্য গত বছরের ডিসেম্বর মাস থেকে ধাপে ধাপে ইন্টারভিউ শুরু হয়েছিল। প্রথম থেকে চতুর্থ দফার ইন্টারভিউ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এরপর ২৭ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তিতে পঞ্চম থেকে দশম দফার সূচি ঘোষণা করা হয়, যেখানে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ইন্টারভিউয়ের কথা ছিল।

আরও পড়ুনঃ ভোটের আগে বড়সড় পরিবর্তন! মকপোল থেকে ভোটের সময়, নতুন নিয়ম জারি নির্বাচন কমিশনের
এর মধ্যে পঞ্চম দফায় নদিয়ার ইন্টারভিউ ১৯ মার্চ শেষ হয়েছে এবং ষষ্ঠ দফায় ২৩ মার্চ পুরুলিয়ায় ইন্টারভিউ শুরু হয়। তখনই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী দশম দফার ইন্টারভিউ ২৯ মে পর্যন্ত চলার কথা ছিল। তবে বর্তমান সিদ্ধান্তে সেই পুরো সূচিই আপাতত থমকে গেল (Teacher’s Recruitment)।












