বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অবসান। প্রায় ১৩ বছর ধরে যে সমস্যায় ভুগছিলেন রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষক, অবশেষে সেই জট খুলতে চলেছে। ২০১২ সালের টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ করা প্রায় ১৮ হাজার শিক্ষকের বিস্তারিত তালিকা (WBBPE TET List) প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই তালিকা প্রকাশের ফলে বহু শিক্ষকের আটকে থাকা প্রশাসনিক কাজ এগোবে বলেই আশা।
কেন এত বছর পর প্রকাশ এই তালিকা (WBBPE TET List)?
বর্তমানে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, দেশের সমস্ত স্তরের শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত তথ্য ডিজিটালি সংরক্ষণ করা বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই শিক্ষকদের টেট পাশের তথ্য IOSMS পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সমস্যায় পড়েছিলেন ২০১২ সালে নিযুক্ত বহু শিক্ষক। তাঁদের অনেকের কাছেই টেট পাশের কোনও লিখিত শংসাপত্র বা হার্ডকপি প্রমাণ ছিল না। ফলে এসআই অফিসে গিয়ে যোগ্যতার প্রমাণ জমা দেওয়া সম্ভব হচ্ছিল না, থমকে ছিল পোর্টাল আপডেটের কাজও। এই দীর্ঘদিনের জট কাটাতেই West Bengal Board of Primary Education ২০১২ সালের টেট উত্তীর্ণদের নাম, রোল নম্বর ও প্রাপ্ত নম্বর-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল (WBBPE TET List)।
তালিকায় কী কী তথ্য রয়েছে?
পর্ষদের প্রকাশিত তালিকায় শিক্ষকদের পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য স্পষ্টভাবে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে –
- পরীক্ষার্থীর রোল নম্বর
- প্রার্থীর নাম (আবেদন অনুযায়ী সঠিক বানানসহ)
- ক্যাটাগরি (ওবিসি, এসসি, এসটি, পিএইচ ইত্যাদি)
- প্রাপ্ত নম্বর (২০১২ সালের ১০০ নম্বরের পরীক্ষায় পাওয়া নম্বর)
তালিকায় নাম থাকলে কী করবেন শিক্ষকরা?
যাঁরা এই তালিকায় নিজেদের নাম পেয়েছেন, তাঁদের দ্রুত কিছু নির্দিষ্ট ধাপ মেনে এসআই অফিসে যোগাযোগ করতে হবে। প্রক্রিয়াটি হল –
- প্রথমে পর্ষদের জারি করা নোটিফিকেশনের প্রথম পৃষ্ঠা প্রিন্ট করতে হবে।
- এরপর ১৮ হাজার নামের তালিকা থেকে যে পৃষ্ঠায় নিজের নাম ও রোল নম্বর রয়েছে, শুধু সেই পৃষ্ঠাটি প্রিন্ট করুন।
- প্রিন্ট করা কাগজে কলম দিয়ে নিজের নাম ও রোল নম্বর চিহ্নিত করতে হবে।
- চিহ্নিত করার পর সেই পৃষ্ঠায় নিজের স্বাক্ষর দিতে হবে।
- সবশেষে নোটিফিকেশনের প্রথম পৃষ্ঠা ও নিজের সই করা তালিকার পৃষ্ঠা পিন বা স্টেপল করে সার্কেলের এসআই অফিসে জমা দিতে হবে।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় চমক? এককালীন না মাসিক, বিজেপির পরিকল্পনা নিয়ে কী বললেন শুভেন্দু?
কীভাবে মিলবে এই তালিকা?
এই তালিকাটি (WBBPE TET List) ইতিমধ্যেই পিডিএফ আকারে বিভিন্ন শিক্ষক সংগঠন ও টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে পড়েছে। সেখান থেকেই সংশ্লিষ্ট শিক্ষকরা সহজে ফাইল ডাউনলোড করে নিজেদের তথ্য যাচাই করতে পারছেন।
পর্ষদের এই উদ্যোগে দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক জটিলতা অনেকটাই কমবে বলে মনে করছেন শিক্ষামহল।












