বাংলা হান্ট ডেস্ক : দূরপাল্লার রেলযাত্রাকে আরও দ্রুত ও আধুনিক করে তুলতে একাধিক নতুন উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল। সেই তালিকায় এবার যুক্ত হতে পারে পশ্চিমবঙ্গের জন্য আরও একটি বন্দে ভারত (Vande Bharat)। সূত্রের খবর, কলকাতা ও দেশের রাজধানীর মধ্যে স্লিপার বন্দে ভারত চালুর বিষয়ে কথা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে দুর্গাপুজোর আগেই যাত্রীরা এই পরিষেবার সুবিধা পেতে পারেন।
ভারতের দ্বিতীয় স্লিপার বন্দে ভারত (Vande Bharat)
জানা গিয়েছে, হাওড়া-নয়াদিল্লি করিডরকে অগ্রাধিকার দিয়ে নতুন বন্দে ভারত স্লিপার চালুর প্রস্তাব তৈরি হয়েছে। শুধু এই রুট নয়, দেশের বিভিন্ন প্রান্তে আরও কয়েকটি দীর্ঘ দূরত্বের রুটেও একই ধরনের ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করতে পারেন বলে খবর।
উল্লেখ্য, এর আগে নতুন বছরের সূচনালগ্নে হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পরিষেবা চালু হয়েছিল। সেই উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর থেকেই পূর্ব ভারতের আরও গুরুত্বপূর্ণ রুটে এই পরিষেবা সম্প্রসারণের আলোচনা শুরু হয়। এবার বাংলায় দ্বিতীয় এমন ট্রেন চালুর উদ্যোগকে কেন্দ্রীয় সরকারের বিশেষ বার্তা হিসেবে দেখা হচ্ছে। ফলে উৎসবের মরসুমের আগেই এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা ঘিরে যাত্রীদের আগ্রহ তুঙ্গে।
প্রসঙ্গত, রাজধানী ও কলকাতার মধ্যে রেল যোগাযোগ আরও গতিশীল করতে ট্র্যাক ও অন্যান্য পরিকাঠামোর উন্নয়নের কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আগেই এই রুটে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত উন্নীত করার অনুমোদন দিয়েছে। রেলমহলের ধারণা, ভবিষ্যতের আধুনিক স্লিপার ট্রেন পরিচালনার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই এই উন্নয়ন কর্মসূচি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : একলাফে ২০০০ টাকা হচ্ছে ভাতা? বার্ধক্য ভাতা নিয়ে নয়া আপডেট
কলকাতা ও দেশের রাজধানীর মধ্যে স্লিপার বন্দে ভারতে থাকবে ১৬টি অত্যাধুনিক কোচ এবং প্রায় ৮২৩ জন যাত্রীর আসন ও শয্যার ব্যবস্থা। বিষয়টি নিয়ে আগামী মাসে পূর্ব রেলের কর্তাদের সঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রকের উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-দিল্লি ছাড়াও মুম্বই-বেঙ্গালুরু, দিল্লি-আমেদাবাদ, দিল্লি-চেন্নাই এবং দিল্লি-মুম্বইয়ের মতো ব্যস্ত রুটে ধাপে ধাপে বন্দে ভারত স্লিপার পরিষেবা চালুর রূপরেখা তৈরি করা হয়েছে। এখন রেলমন্ত্রকের চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় যাত্রীরা। পরিকল্পনা বাস্তবায়িত হলে উৎসবের মরসুমে বাংলা পেতে চলেছে আরও একটি আধুনিক বন্দে ভারত।
















