বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) বর্তমানে চর্চার শিরোনামে। রাজ্যের পালাবদলের পর পূর্ববর্তী তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা। সরকার তরফে জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ‘যোগ্য’ উপভোক্তারা সকলেই পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা। তাহলে নতুন করে কী ফর্ম-ফিল আপ করতে হবে? স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট | Annapurna Yojana
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের বর্ধিত টাকা পাওয়ার জন্য মা-বোনেদের আর রোদে পুড়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। কোনো নতুন ফর্মও তুলতে হবে না লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের। তিনি জানিয়েছেন, উপভোক্তাদের নাম পরিবর্তনের বড় কাজটি সরকারি দফতরগুলি নিজেদের স্তরে অভ্যন্তরীণভাবেই করবে। উপভোক্তাদের কিছু করতে হবে না।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন, তাঁদের অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে কোনো ফর্ম তুলতে বা জমা দিতে হবে না। ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ করবে সরকার। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন বর্ধিত ৩,০০০ টাকা সরাসরি উপভোক্তাদের বর্তমান ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে।
অগ্নিমিত্রা পালের কথায়, “আপনারা আগে ১০০০ টাকা, ১২০০ টাকা বা গত মাসে ১৫০০ টাকা পর্যন্ত যা-ই পেয়ে থাকুন না কেন, আমাদের সরকারে এবার থেকে সরাসরি ৩,০০০ টাকা করে পাবেন। এর জন্য কোনো সরকারি টেবিলে চক্কর কাটার দরকার নেই।”
উল্লেখ্য, এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। তবে কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা এর আওতায় আসবেন না। ‘অন্নপূর্ণা যোজনা’র থেকে বাদ রাখা হয়েছে রাজ্য সরকার অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীদের।

কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। আয়করদাতা হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। পাশাপাশি মৃত ব্যক্তি বা এলাকা বদল করেছেন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে।













