বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকার ক্ষমতায় আসতেই পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা প্রকল্পগুলিতে ভাতার পরিমাণ বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় দেওয়া হচ্ছে ৩০০০, যুবসাথীর বদলে যুব শক্তিতেও ১৫০০ এর বদলে দেওয়া হচ্ছে ২০০০ ও ৩০০০ টাকা। সম্প্রতি বার্ধক্য ভাতা (Old Age Pension Scheme) নিয়েও সুখবর দিয়েছে রাজ্য। ১০০০ থেকে ভাতা বেড়ে হয়েছে ১৫০০ টাকা।
বার্ধক্য ভাতা নিয়ে জরুরি তথ্য | Old Age Pension Scheme
সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। সেই সমস্ত জনকল্যাণ শিবিরে নতুন করে বার্ধক্য ভাতার আবেদনপত্রও জমা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে নতুন করে আবেদন করার সুযোগ নেই সরকারি এই প্রকল্পে। বর্তমানে এই প্রকল্পে অফলাইন এবং অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে খুব শীঘ্রই সরকারের তরফে আবেদন নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করা হবে বলে জানা যাচ্ছে।
এই প্রকল্পে সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে আবেদনকারীকে। সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে নূন্যতম বয়স হতে হবে ষাট বছর। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা বয়স পঞ্চান্ন বছর হলেই আবেদনযোগ্য। সঠিক জন্মতারিখ জানা না থাকলে জন্ম সালের ১ জুলাই এবং মাস জানা থাকলে ১৬ তারিখটিকে জন্মদিন হিসেবে গণ্য করে হবে আবেদন।

আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি সতর্কতা, আজকের আবহাওয়ার খবর
এছাড়া আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্তত টানা দশ বছর তাঁকে রাজ্যে বসবাস করতে হবে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্কের পাসবইয়ের প্রত্যায়িত কপি বা অ্যাটেস্টেড জেরক্স জমা দিতে হবে।













