বাংলা হান্ট ডেস্ক : বাংলার সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে আরও জনপ্রিয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার (West Bengal Government)। বিশ্বের নানা প্রান্তে এই উৎসবের পরিচিতি বাড়ানো এবং বিদেশ থেকে আরও বেশি পর্যটককে পশ্চিমবঙ্গে টেনে আনাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। এমনই বার্তা দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
দুর্গাপুজো নিয়ে বড় পরিকল্পনা রাজ্য সরকারের (West Bengal Government)
এদিন পর্যটন মন্ত্রী জানান, দুর্গাপুজোকে একটি আন্তর্জাতিক মানের উৎসব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে বাংলার এই ঐতিহ্যবাহী উৎসবকে পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে শঙ্কর ঘোষ বলেন, “আমরা চাই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ দুর্গাপুজো সম্পর্কে জানুক। যেমন বহু বাঙালি ব্রাজিল বা ফ্রান্সের নানা উৎসব সম্পর্কে অবগত, তেমনভাবেই বাঙালির এই ঐতিহ্যবাহী উৎসবের প্রচার হোক আন্তর্জাতিক পরিসরে।”
মন্ত্রী শঙ্কর ঘোষের কথায়, এই প্রচার অভিযানে বিদেশি ভ্রমণকারীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়দেরও যুক্ত করার ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। দুর্গাপুজো কার্নিভ্যাল আয়োজনের সম্ভাবনা নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন পর্যটনমন্ত্রী।পর্যটন ক্ষেত্রের বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শঙ্কর ঘোষ জানান, আগামী পাঁচ বছরের পর্যটন উন্নয়নকে সামনে রেখে একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে।
এই পরিকল্পনার আওতায় পর্যটনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং পরিষেবা প্রদানকারীদের তথ্য নিয়ে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে। নথিভুক্ত সংস্থাগুলিকে সরকারি প্রচারের সঙ্গে যুক্ত করার পাশাপাশি পর্যটন শিল্পের সুবিধা সমাজের আরও বৃহত্তর অংশের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।এছাড়াও আন্তর্জাতিক পর্যটকদের কাছে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে তুলে ধরার ওপর জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন :১ জুলাই মিলবে টাকা! অন্নপূর্ণার নতুন তালিকায় আপনার নাম আছে কিনা কীভাবে দেখবেন জানুন
বাংলার পর্যটন ব্র্যান্ডকে আরও শক্তিশালী করা, পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে এই শিল্পকে আরও গতিশীল করে তুলতে পৃথক কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্সের মতে, পর্যটন খাতের বিকাশে এ ধরনের সুদূরপ্রসারী পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে শুধু পর্যটন শিল্পই নয়, রাজ্যের সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

















