নিম্নচাপে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি শুরু, মঙ্গলে বাড়বে আরও, আগাম আপডেট

Published on:

Published on:

south bengal weather(248)
Follow

বাংলাহান্ট ডেস্ক: এক নিম্নচাপ সরতে না সরতেই হাজির আরেক। সাগরে ফুঁসছে নয়া নিম্নচাপ। যার জেরে আমূল বদল রাজ্যের আবহাওয়ায়। নিম্নচাপ আর সক্রিয় বর্ষা, এই দুইয়ের জোড়া ফলায় ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? দেখে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আজ সোমবার প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। তালিকায় বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও জোর বৃষ্টির সম্ভাবনা এদিন। এই সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে।

আবহাওয়া দপ্তর বলছে, ইতিমধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি সুস্পষ্ট হয়েছে। যা এদিনের মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এদিকে বর্ষাকালীন অক্ষরেখা পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ অঞ্চলটির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সবমিলিয়ে আগামী ৪৮ঘণ্টা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রবল দাপট দেখা যেতে পারে।

মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী দু’দিন। আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ১৭ লক্ষ আবেদন বাতিল! কেন নাম বাদ পড়ল, ফের ফর্ম ফিল আপ নিয়ে বড় ঘোষণা

উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের মতো উত্তরেও মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আজ জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। এরপর আগামীকাল মঙ্গলবার দার্জিলিং, আলিপুরদুয়ারেও ভারী বর্ষণের সম্ভাবনা। সতর্কতা জারি রয়েছে। একইসাথে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।