বাংলাহান্ট ডেস্ক: সেপ্টেম্বর চলে এলেও বৃষ্টি পিছু ছাড়ার নাম নেই। গত দু’দিনে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তাপমাত্রাও কমেছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর বলছে, ফের ফিরে আসছে নিম্নচাপ। মধ্যপ্রদেশ থেকে বাংলার দিকে উল্টো ফিরে আসছে নিম্নচাপ। এর কারণে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
নিম্নচাপেই কাল থেকে ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। আগামীকাল সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বীরভূমে। সতর্কতা জারি হয়েছে এই দুই জেলায়। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার আরও বাড়বে দুর্যোগ।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। এই ছয় জেলায় ভারী বৃষ্টির কারণে সতর্কতা থাকছে। এছাড়াও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবারও রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। ভিজতে পারে বেশ কিছু জেলা।
বুধবার দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তালিকায় দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই দুই জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়াতেও। সতর্কতা জারি হয়েছে। এদিকে ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির জোগাড়। তার ওপর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আরও পড়ুন: বেতনের সঙ্গে বাড়বে ভাতাও! অষ্টম বেতন কমিশনে কারা সবচেয়ে বেশি লাভবান হবেন ?
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরে।













