বাংলা হান্ট ডেস্ক: ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল টাটা সাম্রাজ্য। মূলত, এন চন্দ্রশেখরনকে চেয়ারম্যান হিসাবে পুনর্নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে টাটা ট্রাস্টস (Tata Trusts)। শুধু তাই নয়, ট্রাস্টসের যুক্তি হল, কোম্পানির আর্টিক্যালস অফ অ্যাসোসিয়েশন (AOA) অনুযায়ী ট্রাস্টস কর্তৃক মনোনীত ডাইরেক্টরদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন। এমতাবস্থায়, চেয়ারম্যানের কাস্টিং ভোট এই শর্তটি দূর করতে পারে না। মূলত, দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী টাটার বোর্ডে গত সপ্তাহে এই বিতর্ক তীব্র আকার ধারণ করে। টাটা সন্সের (Tata Sons) ডাইরেক্টররা এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে চন্দ্রশেখরনের (Natarajan Chandrasekaran) মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়ানোর অনুমোদন দেয়। তবে, টাটা সন্সের বৃহত্তম শেয়ারহোল্ডার টাটা ট্রাস্টস এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা (তাঁর কাছে টাটা সন্সের প্রায় দুই-তৃতীয়াংশ শেয়ার রয়েছে) তিনি চন্দ্রশেখরনের চেয়ারম্যান হিসাবে মেয়াদ ৫ বছর বাড়ানোর বিরুদ্ধে ভোট দেন। সেইসময়ে, টাটা ট্রাস্টস কর্তৃক বোর্ডে মনোনীত দ্বিতীয় ডাইরেক্টর ভেনু শ্রীনিবাসন প্রস্তাবটির পক্ষে ভোট দেন।
চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ ঘিরে বিতর্ক, কী যুক্তি দেখাচ্ছে টাটা ট্রাস্টস (Tata Trusts):
প্রয়োজনীয় শর্তগুলি পূরণ না হওয়ার দাবি: ইতিমধ্যেই ট্রাস্টস তাদের বিবৃতিতে জানিয়েছে যে, বোর্ড মিটিংয়ে কোনও টাই বা ডেডলক ছিল না। সুতরাং, চেয়ারম্যানের কাস্টিং ভোট প্রয়োগের প্রশ্নই ওঠেনি। ট্রাস্টসের মতে, নমিনেটেড দু’জন ডাইরেক্টরের মধ্যে একজন প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দেওয়ায় প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি।
ট্রাস্টস জানিয়েছে যে, টাটা সন্সের বোর্ডে টাটা ট্রাস্টসের ২ জন নমিনেটেড ডাইরেক্টর রয়েছেন। ২ জনের সংখ্যাগরিষ্ঠতা বলতে উভয় ডাইরেক্টরকেই বোঝায়, শুধু একজনকে নয়। গত ১৭ সেপ্টেম্বর, এই ডাইরেক্টরদের মধ্যে একজন প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দেন। ফলে, AOA-র অধীনে প্রয়োজনীয় ইতিবাচক সমর্থন পাওয়া যায়নি। এই শর্তটি পূরণ না হওয়ায় প্রস্তাবটি গৃহীত বলে গণ্য করা যাবে না।

চন্দ্রশেখরন কত ভোট পেয়েছেন: জানিয়ে রাখি যে, টাটা সন্সের বোর্ড ৪-১ ভোটে চন্দ্রশেখরনকে এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে আরও ৫ বছরের জন্য নির্বাচিত করেছে। চন্দ্রশেখরন এর আগে ফের এই পদে প্রতিদ্বন্দ্বিতা না করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তবে, বোর্ড তাঁকে পুনর্বিবেচনা করতে অনুরোধ করার পর তিনি পদে বহাল থাকতে রাজি হন।
আরও পড়ুন: ভারতীয় রেলের বড় সেফটি প্ল্যান! ৬০৮ কিমি ট্র্যাকে বসছে কবচ, ৭ টি স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং
অপরদিকে, টাটা ট্রাস্টস যুক্তি দেখিয়েছেন যে শুধুমাত্র বোর্ডের মোট ভোটের সংখ্যা দেখে সিদ্ধান্তের বৈধতা নির্ধারণ করা যায় না। ট্রাস্টসের মতে, AOA-তে তাদের নমিনেটেড ডাইরেক্টরদের জন্য একটি পৃথক শর্তের উল্লেখ রয়েছে। যা অবশ্যই পূরণ করতে হবে। ট্রাস্টস বলেছে যে, ভোটের ফলাফল ৪:১ হোক বা অন্য কোনও ফলাফল হোক, তাতে কিছু যায় আসে না। একটি শর্ত হয় পূরণ হয়, নয়তো হয় না। এক্ষেত্রে শর্তটি পূরণ হয়নি।
কোনও ডেডলক বা প্রতিবন্ধকতা ছিল না: উল্লেখ্য যে, ট্রাস্টস এই যুক্তিও প্রত্যাখ্যান করেছে যে, নোয়েল টাটার বিরোধিতা বোর্ডে ডেডলক তৈরি করেছিল এবং চেয়ারম্যানের কাস্টিং ভোট এর সমাধান করতে পারত। ট্রাস্টসের মতে, চেয়ারম্যানের কাস্টিং ভোট কেবল তখনই ব্যবহার করা যায় যখন পুরো বোর্ডে ভোটের সমতা দেখা দেয়। নমিনেটেড ডাইরেক্টরদের মধ্যে এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি। তাই, ট্রাস্টস মনে করে যে, এই বিষয়ে কোনও ডেডলক বা প্রতিবন্ধকতা ছিল না। টাটা ট্রাস্টস আরও জানিয়েছে যে, চন্দ্রশেখরনের নতুন মেয়াদ সংক্রান্ত ১৭ সেপ্টেম্বরের প্রস্তাবটি বৈধভাবে পাস হয়নি। ট্রাস্টসের মতে, তাই এই প্রস্তাবটির কোনও আইনি প্রভাব নেই এবং এটি শুরু থেকেই অবৈধ।














