৮০ তম স্বাধীনতা দিবসে বড় চমক! জানেন কোথায় গিয়ে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী ?

Published on:

Published on:

where suvendu Adhikari will go to hoist the flag on 80th Independence Day
Follow

বাংলা হান্ট ডেস্ক : এবারের স্বাধীনতা দিবসে কলকাতার চেনা ময়দান বা রাজপথের বদলে সুন্দরবনকে সামনে রেখে বড় কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। ১৫ অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সুন্দরবনে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন বলে প্রশাসনিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনুষ্ঠানস্থল পরিদর্শন থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা—সব দিকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন।

কোথায় জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) ?

সুন্দরবনে এই কর্মসূচির জন্য গোসাবা কাছারি মাঠ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ঝিলা ফরেস্ট ক্যাম্প—এই দুই জায়গা প্রাথমিকভাবে সরজমিনে খতিয়ে দেখা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর যাতায়াতের সুবিধা এবং হেলিকপ্টার নামার বিষয়টি বিবেচনায় রেখে গোসাবা কাছারি মাঠই শেষ পর্যন্ত মূল অনুষ্ঠানস্থল হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। যদিও চূড়ান্ত স্থান এখনও সরকারি ভাবে জানানো হয়নি।

প্রসঙ্গত, সুন্দরবনকে ঘিরে এই উদ্যোগের পিছনে সাম্প্রতিক প্রশাসনিক তৎপরতাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত মঙ্গলবার বাঁকুড়ায় সাতটি জেলা নিয়ে বৈঠকে পশ্চিমাঞ্চলের উন্নয়নের পাশাপাশি সুন্দরবনের জন্যও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। দুই এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পরবর্তী তিন মাসের জন্য নির্দিষ্ট কৌশল তৈরির কথাও সেখানে উঠে আসে।

সেই আবহেই স্বাধীনতা দিবসের কর্মসূচি সুন্দরবনে করার সম্ভাবনা সামনে এসেছে। সম্ভাব্য সফরের খবর ছড়াতেই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কর্মসূচির প্রস্তুতি এবং গোটা এলাকার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে সম্প্রতি সুন্দরবনে যান পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। তাঁদের মধ্যে ছিলেন এডিজি (সাউথ বেঙ্গল) রাজেশ প্রসাদ সিং, এডিজি (কোস্টাল) কুশমা কর, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার।

সফরের সময় পুলিশ আধিকারিকরা শুধু সম্ভাব্য অনুষ্ঠানস্থলই নয়, সুন্দরবনের ভৌগোলিক পরিস্থিতি, যাতায়াতের পথ এবং আশপাশের এলাকাও পর্যবেক্ষণ করেন। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য উপস্থিতির কথা মাথায় রেখে কোথায় কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, তা নিয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলকে ঘিরে আঁটসাঁট নিরাপত্তা বলয় তৈরির প্রস্তুতিও চলছে।

where suvendu Adhikari will go to hoist the flag on 80th Independence Day

আরও পড়ুন : ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠান! এই প্রকল্পের যোগ্য উপভোক্তাদের উদ্দেশে বার্তা দিলীপ ঘোষের

উল্লেখ্য, ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সুন্দরবনে এই ধরনের কর্মসূচি হলে তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কলকাতার বাইরে রাজ্যের প্রত্যন্ত এলাকার সঙ্গে স্বাধীনতা দিবসের সরকারি উদযাপনকে যুক্ত করার পাশাপাশি সুন্দরবনের উন্নয়ন ও প্রশাসনিক গুরুত্বও সামনে আসবে। তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন সুন্দরবনে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন কি না, এবং করলে গোসাবার কোন জায়গায় মূল অনুষ্ঠান হবে, সেই বিষয়ে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।