বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র দু’দিন। এরপরেই রাজ্যে পালিত হবে অন্নপূর্ণা দিবস (Annapurna Dibas)। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের পাশাপাশি রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালিত হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন কাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩ হাজার টাকা করে ঢুকবে? এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট।
অন্নপূর্ণা দিবসে কোন মহিলারা টাকা পাবেন? | (Annapurna Yojana)
সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস পালিত হবে। ওই দিন থেকেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে চলে যাবে।
আরও পড়ুনঃ ২০ দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই শর্মিষ্ঠার! এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন মুকুল-পুত্র শুভ্রাংশু
প্রত্যেক মাসে ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার টাকা দেয় রাজ্য। অগাস্ট মাসে প্রায় সপ্তাহ খানেক ধরে এই প্রক্রিয়া চলেছিল। ফলে এই মাসেও অন্নপূর্ণা দিবসের দিন সব মহিলার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এমনটা নয়। ধাপে ধাপে সব যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে কেউ দু-একদিন আগে, কেউ আবার দু-একদিন পরে টাকা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার নন্দীগ্রামে দাঁড়িয়েও অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিয়েছেন শুভেন্দু। আসন্ন উপনির্বাচনের জন্য ভোট প্রার্থনা করে তিনি বলেন, “নন্দীগ্রামের বিপুল জনতার কাছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকবেন। এখানের প্রত্যেকটা পরিবারের হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এই অঙ্গীকার পূরণ করব। ইতিমধ্যেই এখানকার ৬৭ হাজার মা-বোনকে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে। ৮ হাজার অর্ধসমাপ্ত বাড়িকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। ১৩,৭০০ বাড়ির জন্য নতুন কিস্তির টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। সকলের কাজ হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন।”

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। অগাস্ট মাসে ১ কোটি ৪৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়েছিল রাজ্য। ভেরিফিকেশনের পর সেপ্টেম্বর মাসে উপভোক্তা তালিকায় আরও কিছু যোগ্য মহিলার নাম যুক্ত হতে পারে।













