উত্তরাখণ্ডের জঙ্গলে ভয়াবহ দাবানল, পুড়ল ১৪ হেক্টর বনভূমি! তদন্তে বন দফতর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: উত্তরাখণ্ডের (Uttarakhand) পাহাড়ি জঙ্গলে ফের ভয়াবহ দাবানলের ঘটনা সামনে এল। শনিবার সন্ধ্যায় টিহরি জেলা সদর সংলগ্ন বুডোগি গ্রামের কাছের জঙ্গলে আচমকা আগুন লাগে। প্রথমে ছোট পরিসরে শুরু হলেও মুহূর্তের মধ্যে তা ভয়ঙ্কর দাবানলের আকার নেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বন দপ্তরের কর্মীরা। রাতভর চলে আগুন নেভানোর কাজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১৪ হেক্টর বনভূমি এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির খবর, আগুনের এলাকায় কোনও জনবসতি না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

উত্তরাখণ্ডের (Uttarakhand) জঙ্গলে ভয়াবহ দাবানলে পুড়ে  ছাই ১৪ হেক্টর বনভূমি!

টিহরির বিভাগীয় বন আধিকারিক বা ডিএফও পুনীত তোমার জানিয়েছেন, খবর পাওয়ার পরই বন দপ্তরের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় অভিযান। বনকর্মীদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। পুনীত তোমার জানিয়েছেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং আর কয়েক ঘণ্টার মধ্যেই পুরোপুরি আগুন নিভে যাবে বলে আশা করা হচ্ছে। তবে পাহাড়ি এলাকায় প্রবল বাতাস এবং শুকনো গাছপালার কারণে আগুন আবার ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই রাতভর সতর্ক অবস্থায় রাখা হয়েছে বন দপ্তরের কর্মীদের।

আরও পড়ুন: হোয়াইট হাউসের সামনে চলল গুলি, ভিতরেই ছিলেন ট্রাম্প? ফের মার্কিন প্রেসিডেন্টকে ‘খুনের’ ছক?

কী কারণে আচমকা জঙ্গলে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বন দপ্তরের প্রাথমিক অনুমান, গ্রীষ্মের দাবদাহে শুকনো পাতা ও গাছের ডালপালা দ্রুত আগুন ছড়াতে সাহায্য করেছে। তবে মানবসৃষ্ট কোনও কারণ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে বন দপ্তর। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, প্রথমে ধোঁয়া দেখা গিয়েছিল জঙ্গলের একাংশে। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পাহাড়ি এলাকায় দমকলের গাড়ি পৌঁছতে সমস্যার মুখে পড়তে হয় বলেও জানা গিয়েছে।

উত্তরাখণ্ডে সাম্প্রতিক সময়ে জঙ্গলে আগুন লাগার ঘটনা ক্রমশ বাড়ছে। এর আগে জ্ঞানসু-সালদ রোডের বাসুগাঁও সংলগ্ন জঙ্গলেও ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় জঙ্গল সংলগ্ন আবাসিক এলাকায় আগুন ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল। বুধবার গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়  এসডিআরএফ। তাদের সঙ্গে যৌথভাবে অভিযান চালায় বন দপ্তর, NDRF এবং ফায়ার সার্ভিস। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের (Uttarakhand) পাহাড়ি এলাকায় এই সময় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় জঙ্গলে আগুন লাগার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শুকনো বনাঞ্চলে সামান্য স্ফুলিঙ্গ থেকেও বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তাই বনাঞ্চল সংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বন দপ্তরের কর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন এবং বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে আরও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে বলেও প্রশাসন জানিয়েছে।

14 hectares of forest land reduced to ashes in a devastating wildfire in Uttarakhand!

 

আরও পড়ুন: রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান কার্ড, কীভাবে আবেদন করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

পরিবেশবিদদের মতে, উত্তরাখণ্ডের (Uttarakhand) জঙ্গলে ঘন ঘন দাবানলের ঘটনা পরিবেশের জন্য বড়সড় বিপদ ডেকে আনছে। এতে শুধু বনভূমির ক্ষতিই হচ্ছে না, বন্যপ্রাণীদের জীবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাহাড়ি অঞ্চলের পরিবেশগত ভারসাম্যের উপরও এর প্রভাব পড়ছে। বিশেষজ্ঞদের মতে, দাবানল রুখতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা এবং দ্রুত প্রতিরোধমূলক পদক্ষেপ জরুরি। আপাতত বুডোগি গ্রামের জঙ্গলে আগুন নিয়ন্ত্রণে এলেও প্রশাসন এখনও পুরোপুরি নিশ্চিন্ত নয়। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে সারাক্ষণ।