বাংলা হান্ট ডেস্ক: হু হু করে নেমে গিয়েছিল তাপমাত্রা। তবে মাঘে এসে ছন্দপতন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত তাপমাত্রা আর কমার চান্স নেই। বরং রাজ্যে হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। বুধবার পর্যন্ত বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৩ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গে। বুধবারের মধ্যে রাতের তাপমাত্রাও প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। চলতি সপ্তাহে স্বাভাবিকের উপরেই তাপমাত্রা থাকার পূর্বাভাস।
আপাতত পশ্চিমের জেলাগুলিতে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কিছুদিন আগেই কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রির নিচে। তবে আপাতত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অর্থাৎ অনেকটাই কমবে শীতের দাপট।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই তাপমাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় কুয়াশার অধিক প্রভাব লক্ষ্য করা যাবে। বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে।
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে এখনও ভালোই ঠান্ডা রয়েছে। কনকনে শীত রয়েছে পার্বত্য এলাকায়। তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। আপাতত স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এরপর। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।













