বাংলা হান্ট ডেস্কঃ এলপিজি কানেকশন নেওয়ার ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকে না অনেকের। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। চালু করেছে পিএম উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana)। কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পে (Central Government Scheme) বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়া হয়। এতে আবেদন করতে কী কী নথি লাগে, কীভাবে আবেদন করতে হয় জেনে নিন।
পিএম উজ্জ্বলা যোজনার খুঁটিনাটি | (PM Ujjwala Yojana)
দেশের দরিদ্র পরিবারের মহিলারা যাতে সুরক্ষিত ও ধোঁয়ামুক্ত পরিবেশে রান্না করতে পারেন, সেই জন্য পিএম উজ্জ্বলা যোজনার মাধ্যমে তাঁদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয়। ইতিমধ্যেই দেশের কয়েক কোটি পরিবার এই সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন।
আরও পড়ুনঃ আধার নেই বলেই স্কলারশিপ থেকে বঞ্চিত করা যাবে না! পিএম কেয়ারস প্রকল্প নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের
পিএম উজ্জ্বলা যোজনার আবেদনের ক্ষেত্রে অবশ্য বেশ কিছু শর্ত রয়েছে। কেন্দ্রের নির্ধারিত মাপকাঠি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি। এর পাশাপাশি আবেদনকারী মহিলার পরিবারের নামে আগে থেকে কোনও এলপিজি কানেকশন থাকা যাবে না।
এছাড়া AAY সুবিধাভোগী, পিএম আবাস যোজনা গ্রামীণের সুবিধাভোগী, তফসিলি জাতি-উপজাতি, চা শ্রমিক, বনাঞ্চল অথবা প্রত্যন্ত এলাকার বাসিন্দা সহ নানা শ্রেণির দুঃস্থ পরিবারের মহিলারা পিএম উজ্জ্বল যোজনায় আবেদন করতে পারেন। এর পাশাপাশি কেন্দ্রের নির্ধারিত অন্যান্য মাপকাঠি অনুযায়ী যোগ্য আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
পিএম উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
এই সরকারি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে সাধারণত বেশ কিছু নথি দরকার হয়। সেগুলি হল- রেশন কার্ড কিংবা পরিবারের পরিচয়পত্র, আধার কার্ড, কেওয়াইসি ফর্ম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় ঘোষণাপত্র। এর পাশাপাশি আরও কিছু অতিরিক্ত নথিপত্র চাওয়া হতে পারে।
পিএম উজ্জ্বলা যোজনায় অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করা যায়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজের পছন্দের মতো গ্যাস সংস্থা নির্বাচন করে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিতে হবে।

এছাড়া কেউ চাইলে অফলাইনেও আবেদন করতে পারেন। এর জন্য নিকটবর্তী এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আবেদন জমা করা যায়। সেই সঙ্গেই সিএসসি তথা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেও আবেদন করতে পারেন ইচ্ছুক প্রার্থীরা।
দেশবাসীর সুবিধার্থে বিভিন্ন সময় নানা ধরণের প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এমনই একটি স্কিম হল পিএম উজ্জ্বলা যোজনা। এর মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়ার পাশাপাশি আরও বেশ কিছু সুবিধা দেওয়া হয়। আপনি যোগ্য হলে বাড়ি বসে আবেদন করতেই পারেন।














