বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো (West Bengal Railway) উন্নয়নে এবার বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ২০২৬-২০২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে (Budget 2026) বাংলার জন্য রেলের বরাদ্দ এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে। নতুন ট্রেন চালু করা থেকে শুরু করে স্টেশন আধুনিকীকরণ, নতুন রেলপথ নির্মাণ, সব ক্ষেত্রেই জোর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, পূর্ব ভারতের উন্নয়নই এখন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের জন্য রেলের খাতে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে।
গত এক মাসে রাজ্যে ১০টিরও বেশি নতুন ট্রেনের উদ্বোধন করা হয়েছে (West Bengal Railway)
পূর্ব ভারতের উন্নয়নে কেন্দ্র যে বিশেষ নজর দিচ্ছে, তা আগেই একাধিকবার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ এখন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। সেই লক্ষ্যেই গত এক মাসে রাজ্যে ১০টিরও বেশি নতুন ট্রেনের উদ্বোধন করা হয়েছে (West Bengal Railway)। এবার কেন্দ্রীয় বাজেটে বাংলার রেল পরিকাঠামোর জন্য বরাদ্দ আরও বাড়িয়ে দিল কেন্দ্র।
সোমবার সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ২০২৬–২০২৭ বাজেটে (Budget 2026) পশ্চিমবঙ্গের জন্য রেলের বরাদ্দ করা হয়েছে ১৪ হাজার ২০৫ কোটি টাকা। ২০০৯–২০১৪ সময়কালে বাংলায় রেলের জন্য বরাদ্দ ছিল মাত্র ৪,৩৮০ কোটি টাকা। অর্থাৎ আগের তুলনায় প্রায় তিনগুণ বরাদ্দ বাড়ানো হয়েছে। রেলমন্ত্রকের দাবি, এই বিপুল অর্থ নতুন রেললাইন নির্মাণ, স্টেশন আধুনিকীকরণ এবং যাত্রী পরিষেবা উন্নত করার কাজে ব্যবহার করা হবে।
১০১টি স্টেশন হবে আধুনিক ও ঝাঁ চকচকে
অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের মোট ১০১টি রেলস্টেশনকে আধুনিক করে তোলা হচ্ছে। প্রায় এয়ারপোর্টের মতো আধুনিক মানের সুবিধা দেওয়া হবে এই স্টেশনগুলিতে। এই প্রকল্পে মোট ৩,৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই আনারা, বরাভূম, হলদিয়া, জয়চণ্ডী পাহাড়, কল্যাণী ঘোষপাড়া, কামাখ্যাগুড়ি, পানাগড়, সিউড়ি এবং তমলুক স্টেশনের উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।
পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ রেলপথ বিদ্যুদয়িত
রেলের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত রেলপথে (West Bengal Railway) ইলেকট্রিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। এছাড়া নিরাপত্তা বাড়াতে রাজ্যে মোট ৩,২০০টি কবচ সিস্টেম বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই ১০৫টি লোকোমোটিভে কবচ প্রযুক্তি বসানো হয়েছে এবং আরও ১,০৪১টিতে কাজ চলছে।
নতুন প্রিমিয়াম ট্রেন পরিষেবা
বাংলার যাত্রী পরিষেবা উন্নত করতে একাধিক প্রিমিয়াম ট্রেন চালানো হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে
- ১ জোড়া স্লিপার বন্দে ভারত
- ৯ জোড়া সাধারণ বন্দে ভারত
- ১১ জোড়া অমৃত ভারত এক্সপ্রেস
এই ট্রেনগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে যুক্ত করছে।
বারাণসী–শিলিগুড়ি বুলেট ট্রেন করিডর
কেন্দ্রীয় বাজেটে (Budget 2026) আরও একটি বড় ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের বারাণসী থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত একটি উচ্চ-গতির বুলেট ট্রেন করিডর তৈরি হবে। এই ট্রেনটি বিহারের পাটনা ও কাটিহার স্টেশনে থামবে। এর ফলে পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও আধুনিক হয়ে উঠবে।

আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রী নথি ছিনতাই করেননি’, I-PAC কাণ্ডে রাজ্যের হলফনামার জবাব দেওয়ার সময় চেয়ে আবেদন ED-র
চিকেনস নেকে আন্ডারগ্রাউন্ড রেল করিডর
উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ আরও মজবুত করতে “চিকেনস নেক” এলাকায় একটি বিশেষ আন্ডারগ্রাউন্ড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে মাটির নীচ দিয়ে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ স্ট্র্যাটেজিক রেললাইন তৈরি হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ আরও নিরাপদ ও নিরবিচ্ছিন্ন হবে। কেন্দ্রের দাবি, এই সমস্ত প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের রেল পরিষেবা (West Bengal Railway) এক নতুন যুগে প্রবেশ করবে এবং রাজ্যের আর্থিক উন্নয়নও গতি পাবে।
















