বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা। শিক্ষিত অথচ কর্মহীন তরুণ-তরুণীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে নতুন ভাতা চালু করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হতে চলেছে ‘যুবসাথী’ প্রকল্প (Yuvasathi Scheme)। তবে আবেদন করার আগে জেনে নিতে হবে সব শর্ত। কারণ নিয়ম না মানলে আবেদন বাতিলও হতে পারে।
এই প্রকল্পে (Yuvasathi Scheme) কী সুবিধা মিলবে?
‘যুবসাথী’ প্রকল্পের (Yuvasathi Scheme) আওতায় নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। এই টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
একজন প্রার্থী সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সুবিধা পেতে পারেন। অর্থাৎ পুরো মেয়াদে মোট ৯০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া সম্ভব। তবে এই সময়ের মধ্যে যদি কেউ সরকারি বা বেসরকারি চাকরি পেয়ে যান, তাহলে সঙ্গে সঙ্গে ভাতা বন্ধ হয়ে যাবে। সূত্র অনুযায়ী, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে ভাতা প্রদান শুরু হওয়ার কথা।
কারা আবেদন করতে পারবেন না?
আবেদনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধ রাখা হয়েছে। যারা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার এর সুবিধা পাচ্ছেন, তারা ‘যুবসাথী’ প্রকল্পের জন্য যোগ্য নন। এছাড়া বর্তমানে কেউ যদি সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকেন, তাহলেও আবেদন করা যাবে না। তবে যারা কোনও স্কলারশিপ বা শিক্ষামূলক বৃত্তি পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে আবেদনে বাধা নেই।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
- এই প্রকল্পের সুবিধা পেতে হলে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ ভোটের মুখে ফাঁকা কোষাগার! কলকাতা পৌরনিগমে বাজেটের আগে বড় স্বীকারোক্তি মেয়র ফিরহাদ হাকিমের
কীভাবে ও কবে আবেদন করবেন?
রাজ্যজুড়ে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে আবেদন নেওয়া হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে এবং পূরণ করে সেখানেই জমা দিতে হবে। অনলাইনে বা অন্য কোনও মাধ্যমে ফর্ম জমা নেওয়ার কথা বলা হয়নি। আবেদনের সময় সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, মাধ্যমিক পাসের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি এবং মোবাইল নম্বর।
















