“দম থাকলে ভবানীপুরেই লড়ুন”, চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর

Published on:

Published on:

Suvendu Adhikari Challenges Mamata in Bhabanipur After Final Voter List Shock
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে ফের আলোচনার কেন্দ্রে কলকাতার ভবানীপুর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এই কেন্দ্রকে ঘিরে নতুন করে সুর চড়াল বিজেপি।সাংগঠনিক সভা থেকে এই কেন্দ্রকে নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীকে কী চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)?

কলকাতার ভবানীপুর কেন্দ্রকে সামনে রেখেই শনিবার রাজনৈতিক বার্তা দিল বিজেপি। জাতীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজিত ভবানীপুর সাংগঠনিক সভায় কর্মীদের মনোবল বাড়াতে পুরনো ভোটের হিসেব তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, ২০১৪ সালে যখন রাজ্যে বিজেপি প্রথমবার ১৮ শতাংশ ভোট পায়, তখন ভবানীপুর থেকেই উল্লেখযোগ্য লিড মিলেছিল তথাগত রায়ের পক্ষে।

শুভেন্দু জানান, আগামী ৩ মার্চ রাধাকৃষ্ণকে নিয়ে ভবানীপুরে মিছিল করবেন তিনি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে।

সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। খসড়া ও চূড়ান্ত তালিকার তুলনায় ৪৭ হাজার ৯৪ জনের নাম বাদ পড়েছে। এছাড়া আরও ১৪ হাজার ১৫৪ জনের নাম এখনও অমীমাংসিত বা বিচারাধীন অবস্থায় রয়েছে। শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, এত সংখ্যক ভোটার বাদ যাওয়ায় প্রশ্ন উঠছে জয়ের অঙ্ক নিয়ে। তাঁর কথায়, “যে ভাবে ভোটার বাদ গিয়েছে, তাতে বোঝা যাচ্ছে মাননীয়া জিতছেন কীভাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বোল্ড আউট করতে হবেই।”তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “যদি দম থাকে, ভবানীপুর ছেড়ে পালাবেন না। দম থাকে তো ভবানীপুরে লড়বেন।”

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে ভবানীপুর আসনটি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক ঘাঁটি। প্রথমে ওই আসনে জয়ী হয়েছিলেন সুব্রত বক্সী। পরে তিনি সরে দাঁড়ালে উপনির্বাচনে প্রায় ৯৫ হাজার ভোটে জয় পান মমতা। তারপর থেকে ২০২১ পর্যন্ত এই আসনই তাঁর বিধানসভা কেন্দ্র।

আরও পড়ুনঃ প্রমাণ নষ্টের ‘পুরস্কার’ রাজ্যসভা? রাজীব কুমারকে ‘দালাল’ বলে চরম আক্রমণ সৌমিত্র খাঁ-র

তবে আচমকা ভবানীপুর নিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) এরকম জোরালো চ্যালেঞ্জে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এর নেপথ্যে থাকতে পারে শুভেন্দুর সম্ভাব্য প্রার্থী হওয়ার জল্পনা। বিজেপির অন্দরেই আলোচনা ছিল, ভবানীপুরে প্রার্থী হতে পারেন তিনি। যদিও এ বিষয়ে কখনও স্পষ্ট ভাবে কিছু জানাননি শুভেন্দু। তবুও তাঁর সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনা নতুন করে উসকে উঠেছে।