বাংলাহান্ট ডেস্ক : যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। এদিকে তার প্রভাব গৃহস্থের হেঁশেল থেকে ছড়িয়ে পড়েছে স্কুলের মিড ডে মিলেও (Mid Day Meal)। রান্নার গ্যাসের সঙ্কটে মাথায় হাত মধ্যবিত্তের। একই অবস্থা বিভিন্ন স্কুলেও। গ্যাসের ঘাটতির জেরে বুধবার থেকেই অনেক স্কুলে পড়ুয়াদের রান্না করা খাবারের পাট চুকেছে। পাতে পড়ছে শুধু সেদ্ধ ডিম। পরিস্থিতি স্বাভাবিক না হলে সেটুকুই বা কতদিন দেওয়া যাবে তা নিয়ে আশঙ্কায় প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা।
গ্যাস অমিলে মিড ডে মিলে (Mid Day Meal) প্রভাব?
জানা যাচ্ছে, হুগলির ‘পিএম পোষণ’ প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিকের তরফে মিড ডে মিলের প্রকল্প অধিকর্তার কাছে মঙ্গলবার এক চিঠি গিয়েছে। সেখানে বলা হয়েছে, জেলায় রান্নার গ্যাসের সঙ্কট তৈরি হয়েছে। এমতাবস্থায় যদি দ্রুত রাজ্যস্তরে হস্তক্ষেপ না করা হয় তবে স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে সমস্যা তৈরি হতে পারে।

দেওয়া হচ্ছে সেদ্ধ ডিম: এদিকে কলকাতার অধিকাংশ স্কুলেই রান্না হয় না। কমিউনিটি কিচেনে রান্না করে তা সরবরাহ করা হয় স্কুলগুলিতে। ইতিমধ্যেই জানা যাচ্ছে, শহরের কিছু স্কুলে মঙ্গলবার পর্যন্ত ভাত, ডাল, তরকারির মতো রান্না করা খাবার দেওয়া হলেও বুধবার দুপুরে শুধু ডিম সেদ্ধ দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন স্কুল সূত্রে জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার না পাওয়ায় খাবার সরবরাহকারী স্বেচ্ছাসেবী সংস্থাগুলি জানিয়েছে, বৃহস্পতিবার স্কুলে খাবার (Mid Day Meal) দেওয়া সম্ভব নাও হতে পারে।
আরও পড়ুন : হু হু করে কমল নম্বর, তলানিতে ‘বিদ্যা ব্যানার্জী’, পরশুরাম না পরিণীতা কে রয়েছে শীর্ষে?
কী বলছে সংগঠনগুলি: এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন সূত্রে খবর, কলকাতা সহ সংলগ্ন এলাকার বহু স্কুলে রোজ খাবার দিতে অন্তত চারটি সিলিন্ডার লাগে। বুধবার দুটি সিলিন্ডার পাওয়ায় শুধু ডিম সেদ্ধ দেওয়া হয়েছে। তবে স্কুলগুলি থেকে আপত্তি আসায় বৃহস্পতিবার খিচুড়ি দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে শহরতলির অনেক স্কুল পরিস্থিতি দেখে কাঠ, কয়লার উনুনের বিকল্প ব্যবস্থা করছে। কিন্তু কাঠের জোগানও তো পর্যাপ্ত নয়। এভাবে কতদিন চলবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন : গ্যাসের কালোবাজারি রুখতে বড় উদ্যোগ, পুলিশি বারাকগুলিতে ইন্ডাকশন ব্যবহারের নির্দেশ লালবাজারের
যদিও মুখ্যমন্ত্রী গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, মিড ডে মিলে কোনও প্রভাব পড়বে না। সূত্রের খবর, বিভিন্ন জেলায় মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের গ্যাস সরবরাহকারীদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে।

















