বাংলা হান্ট ডেস্কঃ আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র (Rekha Patra)। তবে কীভাবে তাঁর শরীরে বিষক্রিয়া হল, তা এখনও জানা যায়নি। এরই মধ্যে ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রেখার দিদি রেবা নস্কর। অন্যদিকে, বিধায়ক হওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে রেখার, এমনটাই অভিযোগ করেছেন তাঁর শ্বশুর ও শাশুড়ি।
রেখার (Rekha Patra) অসুস্থতা নিয়ে কী বলছেন পরিবারের সদস্যরা?
মঙ্গলবার রেখার দিদি রেবা নস্কর জানান, সব সময় বোনের সঙ্গে থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা তিনি বুঝতে পারছেন না। রেখা (Rekha Patra) বরাবরই মুখের উপর কথা বলেন। সেই কারণে কেউ তাঁর উপর রেগে গিয়ে কোনও ষড়যন্ত্র করেছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রেবা। তবে এই ঘটনায় দলের কেউ নাকি পরিবারের কেউ জড়িত, সে বিষয়ে কিছু বলেননি তিনি। বাড়িতে কখনও ঘাস মারার কীটনাশক দেখেননি বলেও জানিয়েছেন রেখার দিদি।

অন্যদিকে, সন্দেশখালির পাত্রপাড়ায় বসে রেখার (Rekha Patra) বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তাঁর শ্বশুর ধীরেন পাত্র। তাঁর দাবি, আন্দোলনের সময় পরিবারের সকলেই রেখার পাশে ছিলেন। কিন্তু বিধায়ক হওয়ার পর থেকে তাঁদের আর কোনও খোঁজ নেন না রেখা। এমনকি নিজের বোন ও বোনাইকে দিয়ে স্বামী সন্দীপকে মারধর করানোর অভিযোগও তুলেছেন তিনি। রেখার শাশুড়ি অনুপমার অভিযোগ, লোকসভা ভোটে দাঁড়ানোর পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন না রেখা। ফোন করেও খোঁজ নেন না।
আরও পড়ুনঃ লাগামছাড়া বাজারদর, তিন দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর! অভিযানে ইবি
এখন কেমন আছেন রেখা?
শনিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় রেখাকে (Rekha Patra) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে মঙ্গলবার থেকে অল্প অল্প কথা বলছেন তিনি। সকালে দিদির সঙ্গেও তাঁর কথা হয়েছে। সুস্থ আছেন কি না, জানতে চাওয়া হলে হাত নেড়ে উত্তর দেন বিধায়ক। এদিন ফের তাঁর সিটি স্ক্যান করা হয়। হাসপাতালে তাঁকে দেখতে যান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। এর আগে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও রেখাকে দেখতে গিয়ে জানিয়েছিলেন, দল তাঁর পাশে রয়েছে।
উল্লেখ্য, শাজাহানের বিরুদ্ধে সন্দেশখালির আন্দোলন থেকেই পরিচিতি পেয়েছিলেন রেখা পাত্র (Rekha Patra)। বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে হেরে গেলেও পরে হিঙ্গলগঞ্জ থেকে বিধায়ক হন তিনি। হিঙ্গলগঞ্জের লেবুখালিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন রেখা। গত কয়েকদিন ধরেই কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার কিংবা কীটনাশক থেকে এই বিষক্রিয়া হয়েছে কি না, তা নিয়ে আলোচনা চলছে। যদিও এখনও পর্যন্ত অসুস্থতার সঠিক কারণ জানা যায়নি। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রেখার পরিবার।










