আর ফিরবেন না শর্মিষ্ঠা? নেপালে নিখোঁজ ২১৩ ভারতীয়কে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু, মুখ খুললেন শুভ্রাংশু

Published on:

Published on:

Process begins to declare 213 Indians missing in Nepal floods

বাংলা হান্ট ডেস্ক : প্রিয়জনের ফিরে আসার আশায় দিনের পর দিন অপেক্ষা করছেন পরিবারগুলি। কিন্তু নেপালের ভয়াবহ হড়পা বানের (Nepal Floods) পর প্রায় তিন মাস কেটে গেলেও বহু নিখোঁজ মানুষের কোনও সন্ধান পাওয়া যায়নি। এবার তাঁদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে হাঁটছে নেপাল প্রশাসন। দীর্ঘদিন ধরে খোঁজ না মেলায় ২১৩ জন ভারতীয় নাগরিককে মৃত হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হতে চলেছে।

নেপালের হড়পা বানে (Nepal Floods) নিখোঁজ ২১৩ ভারতীয়কে ‘মৃত’ ঘোষণার কাজ শুরু

মৃতদের নথিভুক্ত করার এই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ও। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে এতদিন ধরেই উদ্বেগে ছিল পরিবার। এবার নেপাল সরকারের উদ্যোগে সেই অনিশ্চয়তা আরও এক নতুন পর্যায়ে পৌঁছল। বুধবার কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বিষয়টি প্রকাশ্যে আনা হয়। জানানো হয়েছে, নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ (এনডিআরআরএমএ) যে ভারতীয় নাগরিকদের নিখোঁজ হিসেবে চিহ্নিত করেছে, তাঁদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রশাসনিকভাবে মৃত্যুর স্বীকৃতি দেওয়ার আগে সংশ্লিষ্ট পরিবারগুলির বক্তব্য ও পরিচয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

Process begins to declare 213 Indians missing in Nepal floods

নিখোঁজ ভারতীয়দের তালিকাটি নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস। সেখানে ১৭৮ নম্বর ক্রমিকে রয়েছে শর্মিষ্ঠা ভৌমিক রায়ের নাম। উল্লেখযোগ্য বিষয়, তালিকাভুক্ত অধিকাংশ ভারতীয়ের নেপালে যাওয়ার উদ্দেশ্য ছিল মানস সরোবর দর্শন। অন্যদিকে, কয়েকজন জীবিকার সন্ধানে প্রতিবেশী দেশে গিয়েছিলেন। কিন্তু গত অগস্টে ভোটেকোশী নদীর বিপর্যয় তাঁদের অনেকের জীবনকেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। দূতাবাসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তালিকার কোনও তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার বা পরিচিতরা তা সংশোধনের আবেদন জানাতে পারবেন। নতুন করে কারও নাম যুক্ত করার প্রয়োজন হলেও একইভাবে আবেদন করা যাবে। আবার কোনও ব্যক্তির নাম ভুল করে তালিকায় উঠে থাকলে সেটি বাদ দেওয়ার জন্যও দূতাবাসকে জানানো যাবে। এই সংক্রান্ত সমস্ত আবেদন জমা দেওয়ার শেষ দিন ২ ডিসেম্বর।

আরও পড়ুন : ১৪টি লোকাল বাতিলের ঘোষণা রেলের, ইন্টারসিটি ছাড়বে ৫ ঘণ্টা দেরিতে

এর জন্য একটি ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর এবং একটি ইমেল ঠিকানা নির্দিষ্ট করেছে দূতাবাস। +৯৭৭ ৯৮৫১৩১৬৮০৭ নম্বরে যোগাযোগ করা যাবে। বিকল্প হিসেবে eoikathmandufloodsupport@gmail.com ঠিকানাতেও প্রয়োজনীয় তথ্য পাঠানো সম্ভব। প্রশাসনের তালিকায় নাম থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করা হবে না। প্রথমে তাঁদের পরিবারের বক্তব্য শোনা হবে। পরিচয় এবং নিখোঁজ হওয়ার পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যাচাই করার পর নেপাল সরকার পরবর্তী পদক্ষেপ করবে।ভারতীয় দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট নাগরিকদের মৃত্যুর সরকারি শংসাপত্র নেপাল প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করার ব্যবস্থা করা হবে। এই কাজ সম্পন্ন করতে পরিবারের সদস্যদের কাছ থেকে অতিরিক্ত কিছু কাগজপত্রও চাওয়া হতে পারে।

শর্মিষ্ঠার নাম তালিকায় থাকার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন শুভ্রাংশু রায়। তবে নেপাল সরকারের সিদ্ধান্ত নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি। তাঁর বক্তব্য, প্রথমে ভারত সরকার এই বিষয়ে কী অবস্থান নিচ্ছে, তা জানতে চান। তার পরেই নিজের মতামত জানাবেন। নেপালের বিপর্যয়ে রাজ্যের ৩৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে চারজন কলকাতার বাসিন্দা। শর্মিষ্ঠা ভৌমিক রায়ও সেই নিখোঁজদের একজন।