বাংলা হান্ট ডেস্ক : খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে (Kharagpur IIT) আবারও এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এল, এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে শিক্ষাঙ্গনে। ধারাবাহিকভাবে এমন ঘটনার পুনরাবৃত্তিতে বড় প্রশ্নচিহ্নের মুখোমুখি হতে হচ্ছে প্রশাসন ও ছাত্রসমাজকে।
খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT) অস্বাভাবিক মৃত্যু ছাত্রের
শনিবার সকালে ক্যাম্পাসের অটল বিহারী বাজপেয়ী হলের আটতলা থেকে ঝাঁপ দেন জয়বীর সিংহ ডোডিয়া নামে এক ছাত্র।মৃত ছাত্রের বাড়ি গুজরাটের আহমদাবাদের ঘুমা এলাকায়।আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন জয়বীর। জানা গেছে, নেহেরু হলে আবাসিক হিসেবে থাকতেন তিনি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ক্যাম্পাসের দায়িত্বপ্রাপ্ত খড়্গপুর টাউন থানার অধীন হিজলি পুলিশ ফাঁড়ির কর্মীরা। গুরুতর আহত অবস্থায় ওই ২১ বছরের যুবককে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছাতেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের এই মর্মান্তিক ঘটনার কথা জানানো হয়েছে আইআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে।
পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে কীভাবে ওই ছাত্র অটলবিহারী বাজপেয়ী হলে পৌঁছালেন। কিভাবেই বা হলের ছাদে ওঠার অনুমতি পেলেন। পুলিশে তদন্তের জেরে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও এই প্রতিষ্ঠান একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সাক্ষী থেকেছে। ২০২৫ সালে মোট সাত জন ছাত্রের মৃত্যু হয়েছিল, যার মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। গত বছরে ১২ জানুয়ারি শোয়ান মালিক, ২১ এপ্রিল অনিকেত ওয়ালকর, ৪ মে মহম্মদ আসিফ কামার, ১৮ জুলাই ঋতম মণ্ডল, ২২ জুলাই চন্দ্রদ্বীপ পওয়ার, ২০ সেপ্টেম্বর হর্ষকুমার পাণ্ডে আত্মহত্যা করেছিলেন। গত ৭ ডিসেম্বর খড়্গপুরের পুরি রেলগেট এলাকা থেকে ভট্টরাম শরণ কুমারের ট্রেনে কাটা দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন : নেচার লাভারদের জন্য পারফেক্ট গন্তব্য, এবারের সামার ভ্যাকেশনে উত্তরবঙ্গের এই গ্রামে ঘুরে আসুন
বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা ও ছাত্রদের মানসিক স্বাস্থ্যের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র তদন্ত নয়, প্রতিরোধমূলক পদক্ষেপও জরুরি। এই ঘটনার পর ফের একবার স্পষ্ট হয়ে গেল, শিক্ষাঙ্গনে নজরদারি বাড়ানোর পাশাপাশি ছাত্রদের মানসিক সহায়তার দিকেও নজর দেওয়া যথেষ্ট জরুরি।
















