বাংলা হান্ট ডেস্কঃ বেলডাঙার হিংসার ঘটনায় (Beldanga Violence Case) গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নিয়ে বড় মোড় নিল মামলা। তদন্তকারী সংস্থা নির্দিষ্ট সময়ে চার্জশিট জমা দিতে না পারায় আদালত বাধ্য হয়ে তাঁদের মধ্যে একাংশকে জামিন দিল। ফলে কয়েক মাস আগে যে ঘটনায় গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই মামলাতেই এবার আইনি প্রক্রিয়ার ফাঁক সামনে এল।
বেলডাঙ্গা ঘটনার প্রেক্ষাপট (Beldanga Violence Case)
মুর্শিদাবাদের বেলডাঙায় চলতি বছরের শুরুতে এক পরিযায়ী শ্রমিকের খুনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় (Beldanga Violence Case)। মৃতদেহ বাড়িতে ফিরতেই এলাকায় বিক্ষোভ শুরু হয়। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়, থমকে যায় রেল চলাচলও। শিয়ালদহ-লালগোলা শাখার মহেশপুরের কাছে দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকে। পরিস্থিতি সামাল দিতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা বাধে, এমনকি খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও আক্রান্ত হন।
এই ঘটনার তদন্তভার পরে যায় জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) হাতে। ঘটনায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে আইনের নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়া বাধ্যতামূলক হলেও, নির্দিষ্ট সময়ের মধ্যে তা করতে পারেনি সংস্থা। এমনকি তদন্ত রিপোর্টও জমা পড়েনি। এই পরিস্থিতিতে বিশেষ NIA আদালত ৩৫ জনের মধ্যে ১৫ জন অভিযুক্তকে জামিন মঞ্জুর করেছে।
যদিও জামিন পেলেও বেশ কিছু কড়া শর্ত বেঁধে দিয়েছে আদালত। অভিযুক্তদের কলকাতা পুরসভা এলাকার বাইরে যাওয়া যাবে না এবং মামলার শুনানির দিন আদালতে হাজিরা দিতে হবে। প্রত্যেককে ১০ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ নতুন করে খুলছে তদন্তের দরজা, RG Kar কাণ্ডের যেকোনও সন্দেহভাজনকে জেরার ছাড়পত্র দিল হাই কোর্ট
ঘটনার সময় বেলডাঙার (Beldanga Violence Case) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও উঠেছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং শেষ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা পৌঁছয় এবং এরপরই NIA তদন্ত শুরু করে।













