বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঠিক কতটা বেতন বাড়তে পারে, কী কী নতুন ভাতা যোগ হতে পারে, এসব নিয়েই এখন জোর জল্পনা। ইতিমধ্যেই বিভিন্ন কর্মী সংগঠন ও শিক্ষক মঞ্চ নিজেদের দাবিপত্র জমা দিয়েছে কমিশনের কাছে। সেখানে শুধু বেতন বাড়ানোর কথা নয়, নতুন ধরনের ভাতার প্রস্তাবও উঠে এসেছে, যা বাস্তবায়িত হলে কর্মীদের আর্থিক সুবিধা অনেকটাই বাড়তে পারে।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কী কী দাবি কর্মীদের?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM) ইতিমধ্যেই কমিশনের কাছে ন্যূনতম বেসিক পে ৬৯০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। একইসঙ্গে তারা ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর রাখার দাবিও জানিয়েছে। অন্যদিকে, প্রোগ্রেসিভ শিক্ষক ন্যায় মঞ্চ নতুন করে ৭ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তুলেছে। তাদের মতে, কেন্দ্রীয় সরকারি শিক্ষক ও কর্মীদের ন্যূনতম বেতন ৫০০০০ থেকে ৬০০০০ টাকার মধ্যে হওয়া উচিত, যাতে নিম্নস্তরের কর্মীরাও ভালোভাবে সুবিধা পান।
শুধু বেতন নয়, ভাতা ও প্রমোশন নিয়েও বেশ কিছু দাবি তোলা হয়েছে। শিক্ষক মঞ্চ জানিয়েছে, বাড়ি ভাড়া বাবদ ভাতা (HRA) সর্বোচ্চ ৩৬ শতাংশ পর্যন্ত বাড়ানো উচিত। পাশাপাশি প্রতি বছর ৭ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। পুরনো পেনশন স্কিম ফের চালু করার দাবিও জোরালোভাবে তোলা হয়েছে।
প্রমোশনের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে। দাবি অনুযায়ী, কোনও কর্মী ৬, ১২, ১৮ এবং ২৪ বছর পূর্ণ করলে ধাপে ধাপে প্রমোশন নিশ্চিত করা উচিত। এছাড়াও, সন্তানের শিক্ষা ভাতা বাড়িয়ে মাসে ৭০০০ টাকা করার দাবি উঠেছে। যাতায়াত ভাতাও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে ১৮০০, ৩৬০০ এবং ৭২০০ টাকা থাকলেও তা মূল বেতনের ১২% থেকে বাড়িয়ে ১৫% করার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ বস্তি থেকে বহুতল, কোথাও ছাড় নয়! দ্বিতীয় দফার আগে বড় সিদ্ধান্ত কমিশনের
সবচেয়ে নতুন যে প্রস্তাবটি উঠে এসেছে, তা হল ডিজিটাল সহায়তা ভাতা। কর্মীদের জন্য মাসে ২০০০ টাকা এই ভাতা দেওয়ার কথা বলা হয়েছে, যা ব্রডব্যান্ড ও এআই-ভিত্তিক কাজের খরচ মেটাতে কাজে লাগবে। সপ্তম বেতন কমিশনে এমন কোনও সুবিধা ছিল না। সব মিলিয়ে, অষ্টম বেতন কমিশনকে (8th Pay Commission) ঘিরে এবার শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কর্মীদের সামগ্রিক সুবিধা বাড়ানোর দিকেই জোর দেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।













