বাংলা হান্ট ডেস্কঃ পুজোর সময় উত্তরবঙ্গ ঘুরতে যান অনেকে। এবার সেই সফরই হতে চলেছে আরও আরামদায়ক। কলকাতা থেকে শিলিগুড়ি (Kolkata-Siliguri Bus) রুটে শুরু হতে চলেছে রয়্যাল ক্রুজারের প্রিমিয়াম স্লিপার বাস (Royal Cruiser Premium Sleeper Bus)। বৃহস্পতিবার এসপ্ল্যানেডের সিটিসি-তে নতুন বাসগুলির উদ্বোধন করা হয়েছে।
কলকাতা-শিলিগুড়ি যাতায়াত আরও আরামদায়ক | (Kolkata-Siliguri Bus)
গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। পাশাপাশি রয়্যাল ক্রুজারের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় সিং, ধনঞ্জয় সিং ও আদিত্য সিংও সেখানে ছিলেন। ওই অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী বলেন, রয়্যাল ক্রুজার বাংলার গর্ব। গত দু’দশকেরও বেশি সময় ধরে যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে এই সংস্থা।
আরও পড়ুনঃ মন্ত্রীর হস্তক্ষেপেই সমস্যার সমাধান! ফের চালু হয়ে গেল হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা
পাশাপাশি রয়্যাল ক্রুজার কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তাঁদের পরিষেবার উপর ভরসা রেখেছেন যাত্রীরা। ভবিষ্যতেও যাত্রীদের উন্নত মানের, নিরাপদ ও বিশ্বমানের ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ার বিষয়ে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
রয়্যাল ক্রুজারের তরফে জানানো হয়েছে, কলকাতা-শিলিগুড়ি রুটে শুরু হতে চলা নতুন প্রিমিয়াম স্লিপার বাসগুলিতে যাত্রীদের জন্য বিশ্বমানের বিলাসবহুল পরিষেবা থাকবে। পাশাপাশি কেমিক্যাল ওয়াশরুমের সুবিধাও থাকছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল, সাশ্রয়ী দামে যাত্রীদের উন্নত ও আরামদায়ক সফরের অভিজ্ঞতা দেওয়া।

এছাড়া আরও আরামে শিলিগুড়ি থেকে কলকাতা যাতায়াতের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম তথা এনবিএসটিসির তরফে প্রিমিয়াম ভলভো ৯৬০০ মাল্টিঅ্যাক্সেল স্লিপার কোচ আনা হয়েছে। এই বিলাসবহুল সরকারি বাসে শুয়ে শুয়ে যাতায়াতের সুবিধা রয়েছে।
যেসব যাত্রী শিলিগুড়ি থেকে কলকাতা যাতায়াত করেন, তাঁদের জন্য এই সরকারি বাস একটি আরামদায়ক বিকল্প হতে পারে। এই বাস পরিষেবা কোচবিহার থেকে কলকাতা যাওয়ার পথে শিলিগুড়ি হয়ে কলকাতা অবধি পৌঁছয়। ফলে উত্তরবঙ্গের নানা প্রান্তের যাত্রীরা এই পরিষেবার সুবিধা নিতে পারেন।














