বাংলাহান্ট ডেস্ক: ভারতের নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল স্বরাষ্ট্র মন্ত্রক। সম্প্রতি ‘নাগরিকত্ব (সংশোধন) বিধি, ২০২৬’ (Citizenship Rules 2026) বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে ২০০৯ সালের পুরনো নিয়মে একাধিক সংশোধন করা হয়েছে। নতুন বিধির মূল লক্ষ্য হল নাগরিকত্ব এবং ওভারসিস সিটিজেন অফ ইন্ডিয়া (OCI) কার্ড সংক্রান্ত প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ এবং দ্রুততর করা। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পুরো প্রক্রিয়াকে আধুনিক করার উপরই জোর দেওয়া হয়েছে।
নাগরিকত্ব (Citizenship Rules 2026) প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে নতুন নিয়ম আনল স্বরাষ্ট্র মন্ত্রক!
নতুন নিয়ম অনুযায়ী, OCI কার্ডের আবেদন এবং জমা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াই এখন অনলাইনে সম্পন্ন হবে। আগে যেখানে আবেদনকারীদের সশরীরে উপস্থিত হয়ে নথি জমা দিতে হতো, সেখানে এখন একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সবকিছু করা যাবে। পাশাপাশি চালু হয়েছে ই-ওসিআই ব্যবস্থা, যার ফলে আবেদনকারীরা চাইলে ফিজিক্যাল কার্ডের পাশাপাশি ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সুবিধাও পেতে পারবেন। এতে সময় ও ঝামেলা দুটোই কমবে বলে মনে করছে প্রশাসন।
আরও পড়ুন: এক সপ্তাহে খতম ৩ জঙ্গি! পাকিস্তানে রহস্যজনকভাবে মৃত্যু ভারতের একের পর এক শত্রুর
বিধিতে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে নাবালকদের ক্ষেত্রে। এখন থেকে কোনও নাবালক একসঙ্গে ভারতীয় পাসপোর্ট এবং অন্য কোনও দেশের পাসপোর্ট রাখতে পারবে না। আগে এটি কেবল ঘোষণার পর্যায়ে থাকলেও, এবার তা বাধ্যতামূলক নিয়ম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে সরকার ডিজিটাল রেকর্ডের মাধ্যমে সরাসরি ই-ওসিআই কার্ড বাতিল করার ক্ষমতাও পেয়েছে, যা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলবে।
এছাড়া আবেদন প্রত্যাখ্যানের ক্ষেত্রে আপিল প্রক্রিয়াও আরও শক্তিশালী করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যিনি আবেদন খারিজ করবেন, তাঁর চেয়ে উচ্চপদস্থ এক কর্মকর্তা সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। আবেদনকারীদেরও নিজেদের বক্তব্য পেশের সুযোগ দেওয়া হবে, ফলে পুরো প্রক্রিয়ায় ন্যায্যতা বজায় থাকবে। নকল নথি জমা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে, যা আবেদনকারীদের জন্য বড় স্বস্তি।

আরও পড়ুন: বাংলাদেশের ক্ষমতা হারানোর পরেই উঠল বড় অভিযোগ! ১০০ কোটি আত্মসাৎ করেছেন ইউনূস?
উল্লেখযোগ্যভাবে, এই প্রকল্পের আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা OCI হিসেবে নথিভুক্ত হতে পারবেন, যদি তাঁরা ২৬ জানুয়ারি ১৯৫০ বা তার পরে ভারতের নাগরিক হয়ে থাকেন বা নাগরিকত্ব (Citizenship Rules 2026) পাওয়ার যোগ্য হন। তবে পাকিস্তান বা বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। পাশাপাশি নতুন নিয়মে ফাস্ট-ট্র্যাক ইমিগ্রেশন প্রোগ্রামে সম্মতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে ভবিষ্যতের দ্রুত অভিবাসন ব্যবস্থার জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। সব মিলিয়ে, এই সংশোধন ভারতের নাগরিকত্ব ব্যবস্থাকে আরও প্রযুক্তিনির্ভর ও কার্যকর করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।













