ভোটগণনার আগে সক্রিয় বিজেপি! রাজ্যজুড়ে স্ট্রংরুম ঘিরে অবস্থানে মহিলা ব্রিগেড

Published on:

Published on:

BJP Women's brigade in position around strongrooms across the state
Follow

বাংলা হান্ট ডেস্ক : ভোটের ফলপ্রকাশের (Assembly Election Result) আগে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে স্ট্রংরুমের নিরাপত্তা ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা নিতে ময়দানে নামল বিজেপি (BJP)।

ভোট গণনা নিয়ে বিজেপির (BJP) নিরাপত্তা

ইভিএম সুরক্ষাকে ঘিরে এবার নিজেদের উদ্যোগে নজরদারি বাড়াচ্ছে বিজেপি। রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে স্ট্রংরুমগুলির বাইরে বসছেন দলের মহিলা কর্মীরা। দলের তরফে কর্মী-সমর্থকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, গণনা শুরু না হওয়া পর্যন্ত প্রতিটি স্ট্রংরুমের নিরাপত্তার দিকে কড়া নজর রাখতে হবে।

বিশেষ করে মহিলা কর্মীদেরই এই দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে খবর, রবিবার থেকে শুরু করে সোমবার সকালে গণনা শুরুর আগে পর্যন্ত এই কর্মীরাই স্ট্রংরুমের বাইরে পাহারায় থাকবেন। এরপর প্রার্থী এবং কাউন্টিং এজেন্টরা কেন্দ্রে পৌঁছনোর পর পরিস্থিতির দায়িত্ব তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং সাখাওয়াত মেমোরিয়াল স্কুল—এই দুই জায়গা বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে সন্দেহজনক কিছু ঘটনার অভিযোগ তোলে তৃণমূল। সেই অভিযোগের ভিত্তিতে বেলেঘাটা কেন্দ্রের প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা সেখানে অবস্থান শুরু করেন। অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রের স্ট্রংরুমে নিজে উপস্থিত হয়ে দীর্ঘ সময় নজরদারি চালান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও নজরদারির ব্যবস্থা করা হয়, তাঁর নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস সেখানে উপস্থিত ছিলেন।

এই পরিস্থিতির মাঝেই শনিবার বারাসতের স্ট্রংরুম ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ ওঠে, কিছু সময়ের জন্য সিসিটিভি মনিটরের ডিসপ্লে বন্ধ হয়ে গিয়েছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ক্যামেরা চালু ছিল, কেবলমাত্র ডিসপ্লে মনিটরে সাময়িক সমস্যা দেখা দিয়েছিল। এই ধারাবাহিক ঘটনার প্রেক্ষিতে বিজেপির এই নতুন কৌশল যে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

BJP Women's brigade in position around strongrooms across the state

আরও পড়ুন : ফলতা বাদেই ভোট গণনা ৪ মে, পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

ভোটগণনার আগে রাজ্যের পরিস্থিতি বেশ স্পর্শকাতর হয়ে উঠেছে। স্ট্রংরুমের নিরাপত্তা ঘিরে বাড়তি সতর্কতা এবং পাল্টা নজরদারির এই রাজনীতি শেষ পর্যন্ত গণনার দিনে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।