নতুন সরকারের আগে বিধানসভায় বড়সড় বদল

Published on:

Published on:

Major changes in the West Bengal Legislative Assembly ahead of the new government
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে ক্ষমতার পালাবদলের আবহে বিধানসভা (West Bengal Assembly)  চত্বরে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে প্রশাসনিক স্তরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কড়া করার পাশাপাশি সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজও চলছে দ্রুতগতিতে। শপথগ্রহণের আগে গোটা বিধানসভা ভবনকে নতুনভাবে প্রস্তুত করে তোলার কাজ এখন প্রশাসনের অগ্রাধিকারে।

বিধানসভার (West Bengal Assembly) ভোল বদল

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আপাতত বিধানসভার স্পিকার, ডেপুটি-স্পিকার, মুখ্য সচেতক এবং সহকারী মুখ্য সচেতকের দফতর বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই নির্দেশ বলবৎ থাকবে। ওই কক্ষগুলিতে কোনও কর্মী বা বহিরাগতকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। নতুন মন্ত্রীসভা শপথ নেওয়ার পর ফের সেখানে নিয়মিত কাজ শুরু হতে পারে।

এদিকে বিধানসভার ভিতরে ইতিমধ্যেই শুরু হয়েছে বড়সড় রদবদল। বিদায়ী সরকারের বিভিন্ন চিহ্ন সরিয়ে ফেলার কাজ চলছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মন্ত্রীদের কক্ষ ও একাধিক জায়গা থেকে খুলে নেওয়া হয়েছে। পাশাপাশি ভবনের নানা অংশে সংস্কারের কাজও জোরকদমে চলছে। কোথাও বৈদ্যুতিক লাইনের সমস্যা মেটানো হচ্ছে, কোথাও আবার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র সারাই করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও চলছে পুরো বিধানসভা জুড়ে।

শুধু মূল ভবন নয়, অ্যানেক্স বিল্ডিংয়েও তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। পূর্ত দফতরের আধিকারিকরা বারবার সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং কর্মীদের নতুন নির্দেশ দিচ্ছেন। প্রশাসনিক মহলের অনুমান, ওই ভবনেই গড়ে তোলা হতে পারে নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয়। সেই কারণেই সেখানে নিরাপত্তা এবং নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিধানসভা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্ধারিত কক্ষের সামনের করিডরেও বসানো হয়েছে কড়া প্রহরা।

উল্লেখ্য, আগামী শনিবার নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাংবিধানিক নিয়ম মেনে রাজ্যপাল আর এন রবি আগের সরকার ভেঙে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

Major changes in the West Bengal Legislative Assembly ahead of the new government

আরও পড়ুন : কারা মন্ত্রী হচ্ছেন বঙ্গ বিজেপির প্রথম মন্ত্রীসভায়? বাংলাহান্টের হাতে এল সম্ভাব্য তালিকা

ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের আওতায় সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ইতিমধ্যেই মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালার তরফে বিজ্ঞপ্তি জারি করে পুরনো বিধানসভা ভেঙে দেওয়ার কথা জানানো হয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রশাসনিক ক্ষেত্রেও যে দ্রুত প্রস্তুতি শুরু হয়েছে, বিধানসভার সাম্প্রতিক পরিস্থিতি তারই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এখন সকলের নজর নতুন সরকারের শপথ গ্রহণ এবং তার পরবর্তী পদক্ষেপের দিকে।