‘রাস্তায় নামুন..,’ ময়দান ছাড়তে নারাজ মমতা, পুর প্রতিনিধিদের পথে নামার নির্দেশ

Updated on:

Updated on:

Mamata Banerjee gave message to the municipal representatives
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে রাজনৈতিক চাপানউতোরের আবহে এবার কলকাতা পুরসভার মেয়র পারিষদদের নিয়ে জরুরি বৈঠকে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা‌ বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সাম্প্রতিক সময়ে পুর প্রশাসনকে ঘিরে একাধিক বিতর্ক সামনে আসতেই দলীয় নেতৃত্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তিনি। সূত্রের খবর, বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে— শুধু দফতরে বসে থাকলে চলবে না, সরাসরি মানুষের জন্য কাজ করতে হবে।

পুর প্রতিনিধিদের বার্তা মমতার (Mamata Banerjee)

নবান্নে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন মালা রায়, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, পার্থ ভৌমিক, স্বপন সমাদ্দার, কুণাল ঘোষ ও ববির মতো নেতারা। বৈঠক শেষে দলীয় সূত্রে খবর, পুর প্রতিনিধিদের উদ্দেশে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সমস্যা ও পরিষেবা সংক্রান্ত কাজে আরও বেশি নজর দেওয়ার নির্দেশও দেন তিনি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেছেন, “আপনারা বসে আছেন কেন? কেন এখনও রাস্তায় নামছেন না? আপনারা ভুলে যাচ্ছেন কেন, আপনাদের বোর্ড এখনও নির্বাচিত। তাই মানুষের পরিষেবা দিন। রাস্তায় নামুন।”

এদিকে, ১৬ নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ পোল্লের গ্রেফতারির প্রসঙ্গও উঠে আসে বৈঠকে। সেই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরে যাতে কোনও ভাঙন বা বিভ্রান্তি তৈরি না হয়, সেদিকেও নজর রাখতে বলেন তৃণমূল নেত্রী। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে তিনি বলেন,”কোনও কাজ যেন থমকে না থাকে।”

পুরসভার কাজকর্ম যাতে নির্বিঘ্নে এগিয়ে চলে, সেই বিষয়েও বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুধু প্রশাসনিক দিক নয়, রাজনৈতিক লড়াই নিয়েও বৈঠকে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করিয়ে দেন, কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি কখনও আন্দোলনের পথ ছাড়েননি।

Mamata Banerjee gave message to the municipal representatives

আরও পড়ুন :৩ ঘণ্টারও কমে বারাণসী থেকে শিলিগুড়ি, বাস্তবের পথে বুলেট ট্রেনের স্বপ্ন

দলের নেতাকর্মীদেরও লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বৈঠকে তিনি বলেন, “পুরসভার কমিশনার যদি মেয়র পরিষদ পারিষদ বৈঠক করতে না দেন, তাহলে নিজেরা নিজেদের মধ্যে বৈঠক করুন। চুপ করে বসে থাকবেন না।” বৈঠকের শেষে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট বার্তা দেন, রাজনৈতিক প্রতিকূলতা সাময়িক হলেও দল ঘুরে দাঁড়াবে। সুপ্রিমোর কথায়, তৃণমূলকে থামিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই, তাই মাঠ ছেড়ে নয়, লড়াইয়ের মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে।