অন্নপূর্ণা যোজনার ফর্মে কী কী তথ্য দিতে হবে? সামনে এল ১২ পাতার পুরো তালিকা

Published on:

Published on:

BJP Govt Starts Annapurna Yojana Process
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এবার শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’র (Annapurna Yojana) প্রক্রিয়া। ভোটের সময় মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই সেই প্রকল্পের ফর্ম প্রকাশ করা হল। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই ফর্ম প্রকাশ করেন। ইতিমধ্যেই সরকারি ওয়েবসাইটে ফর্ম আপলোড করা হয়েছে। তবে আবেদন করতে গেলে শুধু ব্যক্তিগত তথ্য নয়, পরিবারের সদস্যদের সম্পর্কেও একাধিক তথ্য জমা দিতে হবে বলে জানা গিয়েছে।

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) ফর্মে কী কী তথ্য দিতে হবে?

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম মোট ১২ পাতার। সেখানে আবেদনকারীর নাম, জন্মতারিখ, আধার নম্বর, রেশন কার্ডের তথ্য, ঠিকানা ও মোবাইল নম্বর জমা দিতে হবে। পাশাপাশি পরিবারের প্রধানের তথ্যও আলাদা করে উল্লেখ করতে হবে। শুধু আবেদনকারী নন, পরিবারের প্রত্যেক সদস্যের নাম, আধার নম্বর, আবেদনকারীর সঙ্গে সম্পর্ক ও পরিচয়ের তথ্যও দিতে হবে। পরিবারের সব সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

ফর্মে পরিবারের সদস্যদের ভোটার কার্ডের নম্বর এবং তাঁরা কোন বিধানসভা কেন্দ্রের ভোটার, সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে। এছাড়াও পরিবারের কারও স্বাস্থ্যবিমা থাকলে, তার তথ্যও উল্লেখ করতে হবে। পরিবারের সদস্যরা কে কী পেশার সঙ্গে যুক্ত, তাঁদের শিক্ষাগত যোগ্যতা কী, তাও জানাতে হবে ফর্মে। শিশু সদস্যদের ক্ষেত্রেও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কোন স্কুলে পড়াশোনা করে, সেই তথ্যও জমা দিতে হবে আবেদনকারীদের।

এছাড়া আবেদনকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নেরও উত্তর দিতে হবে। যেমন, পরিবারের ডিজিটাল রেশন কার্ড আছে কি না, বাড়িতে তিন বা তার বেশি পাকা ঘর রয়েছে কি না, পরিবারের মোট জমির পরিমাণ কত, কারও চারচাকার গাড়ি আছে কি না, এই সব তথ্য জানতে চাওয়া হয়েছে।

ফর্মে আরও জানতে চাওয়া হয়েছে পরিবারের কেউ আয়কর বা পেশাগত কর দেন কি না। পরিবারের কোনও সদস্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পঞ্চায়েত ও পুর প্রতিনিধির পদে রয়েছেন কি না, সেই তথ্যও দিতে হবে। পাশাপাশি পরিবারের কেউ পেনশন পান কি না এবং মোট বার্ষিক আয় কত, তাও উল্লেখ করতে হবে।

কোনও সরকারি প্রকল্পের সুবিধা বর্তমানে পাওয়া হচ্ছে কি না, সেই তথ্যও চাওয়া হয়েছে আবেদনপত্রে। এছাড়াও নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়েছে কি না এবং এসআইআর প্রক্রিয়ার ট্রাইবুনালে কোনও নাম বিচারাধীন রয়েছে কি না, সেই বিষয়েও তথ্য দিতে হবে।

Annapurna Bhandar learn the rules

আরও পড়ুনঃ শনিবার থেকেই রাজ্যে মিলবে ফ্রি সার্ভাইক্যাল ক্যানসার টিকা! কারা পাবেন, জানুন নিয়ম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, একদিনে তাড়াহুড়ো করে ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। সময় নিয়ে সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন করতে হবে। সরকারি ওয়েবসাইট থেকেই এই ফর্ম (Annapurna Yojana) ডাউনলোড করা যাচ্ছে।