বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে যাত্রী পরিষেবা উন্নত করতে নানান পদক্ষেপ নিয়ে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। এই আবহেই এবার বড় সিদ্ধান্ত নিল রেল। এবার থেকে ট্রেনে আর থাকবে না প্যান্ট্রি কার। তার বদলে আনা হবে অত্যাধুনিক LHB EOG ‘হট বুফে’ কোচ। উন্নত মানের গরম গরম খাবার পরিবেশনের জন্য এই কোচ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রেনে খাবার পরিষেবায় বদল ভারতীয় রেলের (Indian Railways)
রেল সূত্রে খবর, ট্রেনে যাত্রী পরিষেবাকে আরও ভালো করতে এবং খাবার পরিবেশন ব্যবস্থায় বদল আনতে ১৬০ কিমি গতির হট বুফে কোচ চালু করার অনুমোদন দেওয়া হয়েছে রেলের তরফে। ভবিষ্যতের উচ্চগতির রেল পরিষেবার জন্য এই আধুনিক কোচগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মূলত খাবার তৈরি করা, গরম রাখা এবং পরিবেশনের জন্য বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে এই কোচগুলিকে।

কেমন হবে নতুন কোচগুলি: জানা যাচ্ছে, এই নতুন কোচগুলি ফিয়াট বগির উপর তৈরি। সর্বোচ্চ অ্যাক্সেল লোড ১৬০ কিলো নিউটন। বর্তমানে ট্রেনে যে প্যান্ট্রিকার গুলি রয়েছে, সেগুলির বদলে এই অত্যাধুনিক কোচগুলি নিয়ে আসা হবে।
কোন ট্রেনে মিলবে পরিষেবা: প্রাথমিক ভাবে বন্দে ভারত সহ অন্যান্য প্রিমিয়াম ট্রেন গুলিতে (Indian Railways) এই পরিষেবা মিলবে বলে খবর। পরবর্তীতে অন্যান্য রুটেও ধীরে ধীরে পরিষেবা শুরু হবে বলে জানা যাচ্ছে। কিন্তু কী কী সুবিধা পাওয়া যাবে হট বুফে চালু হলে?
আরও পড়ুন : একধাক্কায় কমতে পারে পেট্রোলের দাম, বড় ঘোষণা কেন্দ্রের
রেল কর্তৃপক্ষের মতে, এই নতুন পরিষেবায় উন্নত মানের গরম খাবার মিলবে। খাবারের বৈচিত্র্য বাড়বে, পরিষেবা আরও দ্রুত হবে। এছাড়া প্রিমিয়াম ট্রেনগুলিতে সামগ্রিক যাত্রী অভিজ্ঞতাও উন্নততর হবে।













