বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সিরিজ জয় নিশ্চিত করার পর অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) লজ্জার হারের মুখোমুখি হতে হলো গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলকে (Indian Cricket Team)। টসে জিতে বোলিং করতে নেমে টি-টোয়েন্টির ইতিহাসে নিজেদের সবচেয়ে বেশি খরুচে বোলিংয়ের রেকর্ড গড়ে ভারতীয় বোলাররা। গ্লেন ফিলিপ্সের শতরানে ভর করে ২৬০ রানের টার্গেট সেট করে কিউয়িরা। রান তাড়া করতে নেমে নমন ধীর (Naman Dhir) ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটারের মধ্যে লড়াই করার ক্ষমতা বা ইচ্ছা কোনটাই দেখা যায়নি।
এদিন ভারতের জার্সিতে সর্বোচ্চ রান করেন তিলক ভার্মা। কিন্তু নিজের ৩৫ রানের ইনিংসটি খেলতে ৩৫ বল খরচ করেছেন তিলক। সেই জায়গায় আশ্চর্য ব্যতিক্রম নমন ধীর। জয়ের আশা শেষ হওয়ার পরেও মরিয়া ব্যাটিং করে তিনি মাত্র ১৩ বল খেলে ২ টি চার ও ২ টি ছক্কা সহযোগে ২৮ রান করেন। তিনি ড্রেসিংরুমে ফিরতেই ভারতের যাবতীয় প্রতিরোধ শেষ হয়ে যায়।

এই নিয়ে নিজের শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচেই ভারতের জার্সিতে বিধ্বংসী ব্যাটিং করেন নমন ধীর। একনজরে তার শেষ পাঁচ ম্যাচের স্কোরগুলি নীচে উল্লেখ করা হলো:
◆ বনাম ওয়েস্ট ইন্ডিজ: ২৪* (৬)
◆ বনাম নিউজিল্যান্ড: ৪২* (১৫)
◆ বনাম নিউজিল্যান্ড: ৩১ (১৭)
◆ বনাম নিউজিল্যান্ড: ৪ (১)
◆ বনাম নিউজিল্যান্ড: ২৮ (১৩)
তার এই ইনিংসগুলো প্রমাণ করে ইনিংসের একদম শেষ প্রান্তে ক্রিজে এসে ব্যাট হাতে তান্ডব দেখাচ্ছেন তিনি। একজন ফিনিশার হিসেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তার কাছ থেকে যা আশা করে ঠিক তাই করে দেখাচ্ছেন এই তারকা। টি-টোয়েন্টি দলে অভিষেক ঘটানোর পর প্রাথমিকভাবে ব্যর্থ হলেও তার ওপর আস্থা না হারিয়ে টানা সুযোগ দিয়ে যাচ্ছিলেন গম্ভীর। এখন সেই ভরসার মান রাখছেন তিনি।
আরও পড়ুন: ভারতীয় T20 দলে ফেরার ইঙ্গিত দিলেন রোহিত শর্মা! খুশি করতে চান অধিনায়ক শ্রেয়স আইয়ারকে
এইমুহূর্তে হার্দিক পান্ডিয়া চোটের কারণে মাঠের বাইরে। তার বদলে লোয়ার মিডল অর্ডারে একজন ফিনিশারের ভূমিকা যথাযথভাবে পালন করছেন নমন। চাপের মুখে ভারতীয় দলকে বিপদ থেকেও উদ্ধার করছেন তিনি। সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে তার ক্যামিও গুলি ভারতের সিরিজ জয়ের অন্যতম বড় কারণ। ভারতীয় দল চাইবে তার পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকুক।












