বাংলা হান্ট ডেস্কঃ একসময় ছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। সেই শেখ শাহজাহান (Sheikh Shahjahan) এবার আরও প্যাঁচে। সন্দেশখালিতে জমি দখলের মামলায় শাহজাহান ও তাঁর বেশ কয়েকজন ঘনিষ্ঠের বিরুদ্ধে চার্জ গঠন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তথা ইডি।
আরও চাপে শেখ শাহজাহান | (Sheikh Shahjahan)
শাহজাহানের পাশাপাশি শিবপ্রসাদ হাজরা, আলমগির, দিদার বক্স মোল্লার বিরুদ্ধে চার্জ গঠন করেছে ইডি। সোমবার কলকাতার ইডির বিশেষ আদালতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুলাই থেকে এই মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে। মোট সাক্ষীর সংখ্যা ৩০।
আরও পড়ুনঃ কলকাতার রাস্তায় চলবে অত্যাধুনিক ট্রাম? বড় ঘোষণা রাজ্যের পরিবহণমন্ত্রীর
ইডির অভিযোগ, শাহজাহান, শিবপ্রসাদ সহ অভিযুক্তেরা ভয় দেখিয়ে জমি দখল করে টাকা উপার্জন করেছিলেন। ‘প্রসিড অফ ক্রাইম’ হিসেবে ইডি মোট ৫ কোটি টাকা শনাক্ত করেছে। বলে রাখি, দুর্নীতির মাধ্যমে যা আয় করা হয়, সেটিকে ‘প্রসিড অফ ক্রাইম’ বলা হয়।
রেশন দুর্নীতি মামলার সূত্রে প্রথম শেখ শাহজাহানের নাম উঠে এসেছিল। ২০২৪ সালের জানুয়ারিতে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। তবে সেখানে তাঁদের হামলার মুখে পড়তে হয়। ইডি আধিকারিকদের ‘পেটানো’র এই ঘটনার পর প্রায় মাস দুয়েক ফেরার ছিলেন শাহজাহান। পরবর্তীতে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন।

এরপর আদালতের নির্দেশ মতো শাহজাহানকে সিবিআইয়ের হাত তুলে দেয় রাজ্য পুলিশ। সিবিআই হেফাজতে থাকাকালীনই ইডির হাতে গ্রেফতার হন তিনি। এই নেতাকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ডও করে দেয় তৃণমূল।
অন্যদিকে এই আবহেই শাহজাহানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসতে থাকে। সন্দেশখালির সাধারণ মানুষের উপর জুলুম থেকে শুরু করে মাছের ব্যবসার আড়ালে দুর্নীতি, জমি জবরদখল সহ একাধিক অভিযোগ ওঠে। এবার সন্দেশখালিতে জমিদখলের মামলাতেই শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন করল ইডি। ৭ জুলাই থেকে শুরু হবে এই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব।













