ভবানীপুরে শুভেন্দুর কাছে হার! ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা

Published on:

Published on:

Mamata Banerjee files election petition in Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েটের লড়াইয়ে বাজিমাত করেন শুভেন্দু। এবার ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ইলেকশন পিটিশন দাখিল করলেন তৃণমূল নেত্রী। আদালত সূত্রে এমনটাই জানা গিয়েছে।

আইনি লড়াইয়ে নামলেন মমতা | (Mamata Banerjee)

মঙ্গলবার দুপুরে আচমকা হাইকোর্টে হাজির হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। এদিনই বিধানসভা ভোটে ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেন মমতা। আইনজীবীদের সূত্রে খবর, মামলার নথিপত্রে সই করার জন্যই আদালতে এসেছিলেন তিনি।

আরও পড়ুনঃ পালাবদলের পর প্রথম একুশে জুলাই! মমতার মেগা সভা হবে তো? বড় আপডেট

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। এরপরেও উচ্চ আদালতে একটি ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। ভোট গণনার সময় কারচুপি করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। সেই মামলা এখনও ঝুলে রয়েছে, কোনও নিষ্পত্তি হয়নি। এবার ছাব্বিশের ভোটে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল নেত্রী।

এর আগে আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে এসেছিলেন মমতা। ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়াল করেছিলেন তিনি। সেবার আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এরপর প্রায় এক মাস পর ফের উচ্চ আদালতে এলেন তিনি।

Mamata Banerjee

এদিকে এদিন দুপুরেই আবার বিধানসভার স্পিকারের বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতিকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের দায়ের করা মামলার শুনানি আছে। তার আগে হঠাৎ হাইকোর্টে হাজির হন খোদ তৃণমূল নেত্রী। এই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশ।

অন্যদিকে ছাব্বিশের বিধানসভা ভোটের পর তৃণমূলের অন্দরে এক ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে। দলে ভাঙন ক্রমশ চওড়া হচ্ছে। এই পরিস্থিতিতে এবার আইনি লড়াইয়ে নেমে পড়লেন দলনেত্রী মমতা।