বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েকদিন ধরে শিরোনামে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক তথা পিএ সুমিত রায় (Sumit Roy)। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ উঠেছে। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা, লুক আউট নোটিশ। এবার তাঁর চাপ আরও বাড়ল। ডেবরা থানায় দায়ের হয়েছে নতুন অভিযোগ।
সরকারি চাকরি নিয়ে সুমিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ | (Sumit Roy)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুমিতের বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরির জন্য একজন ব্যক্তি অন্য আরেকজনের মাধ্যমে অভিষেকের আপ্তসহায়ক তথা পিএ-কে এই টাকা দিয়েছিলেন।
আরও পড়ুনঃ মহিলাদের ফ্রি সফর! শুরু কুলিয়া-হাওড়া সরকারি বাস পরিষেবা, টাইমটেবিল জানুন
জানা গিয়েছে, সেই টাকা দেওয়ার পর ওই ব্যক্তি নথি পেয়েছিলেন। তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়। কিন্তু সরকারি চাকরি পাননি। এবার তিনি পুলিশে অভিযোগ দায়ের করলেন। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
সুমিতের বিরুদ্ধে আগেই ভোটে প্রার্থী করার নামে তোলাবাজি, জমি দুর্নীতির মতো গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর খোঁজ করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিল শালবনি থানার পুলিশ। তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালালেও সুমিতকে পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও লুক আউট নোটিশ জারি করা হয়।

এই বিষয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “সুমিত রায় সম্বন্ধে যা বলার আগেই বলেছি। আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, সুমিত রায়ের না। সেই কারণে ওকে নিয়ে কোনও মন্তব্য করব না। আইন আইনের মতো চলবে। আমি ওকে নিয়ে বেশি মন্তব্য করব না, এতে অনেকে রেগে যান”।
এদিকে সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও লুক আউট নোটিশ জারি হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী। সুমিতের হয়ে আগাম জামিনের আবেদন জানানো হয়। যদিও বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হলে তিনি সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। এবার ফের তাঁর বিরুদ্ধে থানায় নতুন অভিযোগ দায়ের হল।

















